আগামী ২৩ নভেম্বর অবসর নেবেন বর্তমান প্রধান বিচারপতি। ২৪ নভেম্বর থেকে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি সূর্য কান্ত। হরিয়ানা থেকে তিনি প্রথম দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হতে চলেছেন।

শেষ আপডেট: 27 October 2025 13:27
দ্য ওয়াল ব্যুরো: দেশের ৫৩ তম প্রধান বিচারপতি (53rd CJI) হতে চলেছেন বিচারপতি সূর্য কান্ত (Surya Kant)। বর্তমানে তিনিই সুপ্রিম কোর্টের সবচেয়ে প্রবীণ বিচারপতি। বর্তমান প্রধান বিচারপতি ভূষণ আর গাভাই সোমবার কেন্দ্রীয় সরকারের কাছে পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে সূর্য কান্তের নাম সুপারিশ করেছেন। আগামী ২৩ নভেম্বর অবসর নেবেন বর্তমান প্রধান বিচারপতি। ২৪ নভেম্বর থেকে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি সূর্য কান্ত। হরিয়ানা থেকে তিনি প্রথম দেশের শীর্ষ আদালতের প্রধান বিচারপতি হতে চলেছেন।
গত ২২ সেপ্টেম্বর কেন্দ্রের আইন ও বিচার মন্ত্রক প্রধান বিচারপতির কাছে তার উত্তরসূরির নাম চেয়ে চিঠি দেয়। সোমবার সকালে আদালত খোলার পর এই ব্যাপারে প্রধান বিচারপতি এজ্লাসে বলেন তিনি ইতিমধ্যে বিচারপতি সূর্য কান্তের নাম সুপারিশ করেছেন। ভারতে দীর্ঘদিন ধরেই প্রধান বিচারপতির সুপারিশ মেনেই উত্তরসূরি নির্বাচন করা হয়ে আসছে। যদিও অতীতে একবার এর ব্যতিক্রম ঘটেছে।
বিচারপতি সূর্য কান্ত গোটা দেশের বিচার মহলে তাঁর বেশ কিছু রায়ের কারণে আলোচিত নাম। মাস ছয়েক আগে লোকসভা ও বিধানসভায় পাশ হওয়া বিলে সম্মতি দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রপতিকেও সময়সীমা বেঁধে দেয় সুপ্রিম কোর্ট। ভারতের সংবিধানে রাষ্ট্রপতিকে এই ব্যাপারে কোন নির্দেশ দেওয়া নেই। ইতিমধ্যে রাষ্ট্রপতির অফিস থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে ১৫টি প্রশ্ন পাঠিয়ে জানতে চাওয়া হয়েছে দেশের সংবিধানের রক্ষক রাষ্ট্রপতিকে বিচারালয় কোনও নির্দেশ দিতে পারে কিনা। বিষয়টি বর্তমানে প্রধান বিচারপতির যে বেঞ্চের বিবেচনাধীন বিচারপতি সূর্য কান্ত তার সদস্য। আগামী ২৩ নভেম্বর অবসর নেওয়ার আগে বর্তমান প্রধান বিচারপতি বি আর গাভাই এই বিষয়ে কোনও পদক্ষেপ করেন কিনা তা নিয়ে বিচারালয়ে কৌতূহল রয়েছে। একাধিক সূত্রের খবর, সুপ্রিম কোর্টের ওই রায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অত্যন্ত ক্ষুন্ন হয়েছেন। যদিও প্রকাশ্যে তিনি এই বিষয়ে কোন মন্তব্য করেননি। তবে উপরাষ্ট্রপতি থাকাকালীন জগদীপ ধনকড় বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের ওই রায় নিয়ে খুব উগরে দিয়েছিলেন। বর্তমান প্রধান বিচারপতি ওই মামলার বিষয়টি নিষ্পত্তি না করে গেলে দায় ভর্তাবে পরবর্তী প্রধান বিচারপতি সূর্য কান্তের ওপর।
সোমবার বর্তমান প্রধান বিচারপতি গাভাই পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে সূর্য কান্তের নাম ঘোষণার পর তাঁর ভূষি প্রশংসা করেন। বলেন তিনি বিচার ব্যবস্থার সঙ্গে মানবিক গুণাবলীকে সংযুক্ত করেছেন। বিচার ব্যবস্থায় এটি তার বিশেষ অবদান। প্রধান বিচারপতি বলেন বিচারপতি সূর্য কান্ত দেশ ও সমাজের নানা বিষয়ে বিবেচনায় রেখে সিদ্ধান্ত নিয়ে থাকেন।
বিচারপতি সূর্য কান্ত অল্প বয়সে বিচারালয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। যেমন ৩৮ বছর বয়সে তিনি হরিয়ানার এডভোকেট জেনারেল হন। ৪২ বছর বয়সে হন হাইকোর্টের বিচারপতি। ২০১৮ সাল থেকে তিনি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কর্মরত। আগামী মাসের ২৩ তারিখ থেকে ২০২৭-এর ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিচারপতি সূর্য কান্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন।