
শেষ আপডেট: 15 December 2023 23:56
দ্য ওয়াল ব্যুরো: জাতীয় রাজনীতিতে এখন অন্যতম চর্চার নাম ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ ধীরজ সাহু। তাঁর বাড়ি, অফিসে হানা দিয়ে কোটি কোটি টাকা উদ্ধার করে আয়কর দফতর। এক, দুই কোটি নয়, আয়কর অফিসাররা যখন ধীরজের বাড়ি ছাড়েন তখন বাজেয়াপ্ত টাকার পরিমাণ দাঁড়ায় ৩৫৩ কোটি! টাকা উদ্ধার করতে গিয়ে বারবার বাধার মুখে পড়তে হয় অফিসারদের। একাধিক টাকা গোনার মেশিন খারাপ হয়ে যায়। সে এক পর্ব!
ধীরজ সাহুর বাড়ি, ফ্রাম, অফিস থেকে টাকা উদ্ধারের ঘটনায় কংগ্রেসকে এক হাত নেয় বিজেপি। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করে কটাক্ষ করেছেন। তিনি বলেন, এই টাকা দেশের মানুষকে বিলিয়ে দেওয়া হবে। এটা মোদীর গ্যারেন্টি। পদ্ম শিবিরের দাবি, এই টাকার সঙ্গে কংগ্রেসের যোগ আছে! তবে এ ব্যাপারে মুখ খোলেনি হাত শিবির। কিন্তু এবার তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া ৩৫৩ কোটি টাকা নিয়ে মুখ খুললেন কংগ্রেস সাংসদ ধীরজ সাহু। তাঁর দাবি, এই টাকার সঙ্গে কংগ্রেসের কোনও সম্পর্ক নেই। সব টাকাই তাঁর পারিবারিক ব্যবসার।
ধীরজের মদের ব্যবসা রয়েছে। ঝাড়খণ্ড ছাড়াও ওড়িশা ও পশ্চিমবঙ্গের একাধিক এলাকা ধীরজের যে ফার্ম রয়েছে। বেশ কয়েকটি অফিসও আছে। গত ৬ ডিসেম্বর থেকে এইসব জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। সব জায়গা মিলিয়ে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে। সিন্দুক-আলমারি খুলতেই চক্ষু চড়কগাছ হয়ে গেছে আয়কর আধিকারিকদের। সব জায়গায় থরে থরে সাজানো টাকার বান্ডিল।
৮ দিন পর উদ্ধার হওয়া টাকা নিয়ে প্রতিক্রিয়া দেন ধীরজ। সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, সব টাকা তাঁর একার নয়। পরিবারের টাকা। পারিবারিক ব্যবসা থেকেই টাকা এসেছে। ধীরজের কথায়, 'আমাদের বিরাট পরিবার। আমি ব্যবসায়ী নই। আমি রাজনীতিবিদ। গত ৩০-৩৫ বছর ধরে রাজনীতিতে রয়েছি। এই টাকার ব্যাপারে সমস্ত হিসেব আমি দেব।'