
প্রতীকী ছবি
শেষ আপডেট: 19 December 2024 11:56
দ্য ওয়াল ব্যুরো: এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় উত্তপ্ত ঝড়খণ্ড। মঙ্গলবার রাতে তাঁকে জগন্নাথপুর এলাকায় ধর্ষণ করে এক যুবক। চিকিৎসা চলাকালীন মঙ্গলবার রাতেই মৃত্যু হয়। অভিযুক্তকে ধরে ফেলেন গ্রামবাসীরা। তাকে মারধর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, ওই কিশোরীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না মঙ্গলবার বিকেল থেকে। জগন্নাথপুর এলাকায় একটি অঙ্গনওয়াড়ির কাছে সন্ধে ৭টা নাগাদ তাঁকে অচৈতন্য অবস্থায় দেখতে পান পরিবারের লোকজন। সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জগন্নাথপুর স্বাস্থ্যকেন্দ্রে। তাঁর শারীরিক অবস্থা খারাপ হওয়ায় চিকিৎসকরা চাম্পুয়ায় রেফার করেন। চাম্পুয়ার হাসপাতালে চিকিৎসা শুরু হয় পরে সেখানেই মৃত্যু হয়।
জগন্নাথপুর পুলিশের ইনচার্জ শিবনারায়ণ তিওয়ারি জানান, গ্রামবাসীরা ওই কিশোরীকে মঙ্গলবার সন্ধ্যায় জগন্নাথপুরের একটি অঙ্গনওয়াড়ির কাছে অচৈতন্য অবস্থায় দেখতে পান। তাঁর জামা কাপড় ছেঁড়া ছিল। ওড়িশা সীমান্তের কাছে একটি সাব ডিভিশনাল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়।
এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে জগন্নাথপুর এলাকা। গ্রামবাসীরা চাম্পুয়ায় ওই হাসপাতালের বাইরে ভিড় জমাতে শুরু করেন। ১০০ জনেরও বেশি লোকজন একত্র হয়ে বিক্ষোভ দেখান। বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হন রাতেই। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন কিন্তু তাঁদের দেখেও বিক্ষোভ শুরু হয়।
যেতিয়া, হাতগামারিয়া ও নোয়ামুণ্ডি পুলিশ স্টেশন থেকে বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছয়। উচ্চপদস্থ আধিকারিকরাও পৌঁছন। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে।
পুলিশ সুপার আশুতোষ শেখর এবিষয়ে জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ বাহিনী রয়েছে। তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।