
সংযুক্ত জনতা দলের নেতা নীরজ কুমার শনিবার অসম সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন।
শেষ আপডেট: 31 August 2024 12:31
দ্য ওয়াল ব্যুরো: জুম্মার নামাজের জন্য অসম বিধানসভায় দুঘণ্টার বিরতি বন্ধের ঘোষণায় কেন্দ্রের শাসক জোটে বিরোধ। এনডিএ-র অন্যতম শক্তিশালী শরিক নীতীশ কুমারের দল সাফ জানিয়ে দিল, ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারও নেই। প্রসঙ্গত, গতকাল শুক্রবার অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়ে দেন, ১৯৩৭ সালে মুসলিম লিগ প্রবর্তিত এই ধারার অবলুপ্তি করা হল। এতকাল ধরে বিধানসভার অধিবেশন চলাকালীন প্রতি শুক্রবার দুপুরে জুম্মার নামাজের জন্য সভা মুলতুবি থাকত। এবার বিজেপি মুখ্যমন্ত্রীর সেই সিদ্ধান্ত নিয়ে চিড় ধরল শাসক জোটের অন্দরে।
সংযুক্ত জনতা দলের নেতা নীরজ কুমার শনিবার অসম সরকারের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। সংবাদ সংস্থাকে তিনি জানান, ধর্মবিশ্বাসে আঘাত না করে ভালো হতো যদি রাজ্যবাসীকে মুখ্যমন্ত্রী দারিদ্র্যসীমার উপরে নিয়ে যাওয়ার বিষয়ে বেশি চিন্তাভাবনা করতেন।
জেডিইউ নেতা আরও বলেন, অসমের মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত দেশের সংবিধানের মৌলিক আদর্শের বিরোধী। এই দেশে প্রতিটি ধর্মের মানুষের অধিকার রয়েছে তাদের ঐতিহ্য, রীতিনীতি, পরম্পরা বজায় রাখা। আমি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে জানতে চাই, আপনি যে জুম্মাবারের নামাজের বিরতি নিষিদ্ধ করেছেন, তার পিছনে সভার কাজের সময় বৃদ্ধির অজুহাত দেখিয়েছেন। যাতে কিনা কাজের পরিবেশ আরও মজবুত হবে। মা কামাখ্যা মন্দিরে তাৎপর্যপূর্ণভাবে হিন্দুদেরও একটি ঐতিহ্য বজায় রয়েছে। আপনি কি সেখানে সেই ধারাকে নিষিদ্ধ করার ক্ষমতা রাখেন, প্রশ্ন তুলেছেন জেডিইউ নেতা।
এরপরেই তিনি বলেন, কারও ধর্মীয় বিশ্বাসে আঘাত করার অধিকার কারও নেই। তার থেকে বরং আপনি দারিদ্র্য দূর করার চেষ্টা করুন, বন্যা মোকাবিলায় কাজ করুন।