.webp)
এইচ ডি রেভান্না ও প্রজ্জ্বল রেভান্না
শেষ আপডেট: 3 May 2024 14:14
দ্য ওয়াল ব্যুরো: ছেলের যৌনভোগের জন্য এক মহিলাকে অপহরণের অভিযোগ উঠল প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার ছেলে তথা জনতা দল সেকুলারের বিধায়ক এইচডি রেভান্নার বিরুদ্ধে। দেবগৌড়ার নাতি, রেভান্না-পুত্র প্রজ্জ্বলের যৌন কেলেঙ্কারি নিয়ে যখন দেশের রাজনীতি উত্তাল, তখন এবার পুলিশের খাতায় নাম উঠল বাবারও।
রেভান্না পরিবারের যৌন নির্যাতনের শিকার ওই মহিলার ছেলে পুলিশে এফআইআর করেছেন। অভিযোগে বলা হয়েছে, এইচডি রেভান্না তাঁদের এক পরিচারিকাকে অপহরণ করে আনেন ছেলের জন্য। পরে তাঁর উপর শারীরিক নির্যাতন চালান বর্তমানে পলাতক হাসানের সাংসদ প্রজ্জ্বল রেভান্না।
কর্নাটকের প্রাক্তন মন্ত্রী এইচ ডি রেভান্নার বিরুদ্ধে এফআইআরে এক ব্যক্তি অভিযোগ তুলেছেন, রেভান্নার নির্দেশে বিধায়কের এক শাগরেদ তাঁর মাকে অপহরণ করে। ২০ বছরের ওই অভিযোগকারীর বয়ান অনুযায়ী, পরে তাঁর মাকে প্রজ্জ্বল রেভান্না যৌন হেনস্তা করেন। মহিশূর জেলার কে আর নগর থানায় এই অভিযোগ দায়ের হয়েছে।
রাজু নামে ওই অভিযোগকারী বলেছেন, তাঁর মা ৬ বছর আগে রেভান্নাদের বাড়িতে কাজ করতেন। বছর তিনেক আগে তিনি গ্রামের বাড়িতে ফিরে আসেন এবং দিনমজুরি করে সংসার চালাতেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রেভান্না এবং তাঁর এক সহযোগীর বিরুদ্ধে মামলা রুজু করেছে।
এদিকে, দেবগৌড়া-পুত্র এইচডি রেভান্না শুক্রবার আগাম জামিনের আবেদন প্রত্যাহার করে নিয়েছেন। সরকারি আইনজীবী আদালতে বলেন, ধর্ষণের মামলায় অভিযুক্তের ক্ষেত্রে বিধায়ক-সাংসদদের বিশেষ নিষ্কৃতির আইন প্রযোজ্য হয় না।