
শেষ আপডেট: 14 November 2023 11:34
দ্য ওয়াল ব্যুরো: প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ব্যাট হাতে নেমেছেন। প্রধানমন্ত্রী একাদশের হয়ে তাঁর আগে ব্যাট করতে নেমে দুরন্ত ইনিংস খেলেছেন ডেপুটি প্রতিরক্ষার মন্ত্রী সুরজিৎ সিং মাজিথিয়া। তিনটে ওভারবাউন্ডারি ও তিনটি বাউন্ডারি সহ মাজিথিয়ার অপরাজেয় ১০৫ রানের ইনিংস নিয়ে তারিফের বন্যা বয়ে যাচ্ছে। তাঁর সঙ্গে ঝোড়ো ইনিংস খেলেছেন এমআর কৃষ্ণ। তিনিও ৭৯ রান করে ফেলেছেন। কিন্তু তাতেও দর্শক খুশি নয়। মাঠে লোক আসছে কম। এর পরই খবর এলো দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবেন জওহরলাল নেহরু।
ওমনি ন্যাশনাল স্টেডিয়ামে পিল পিল করে ঢুকতে শুরু করল মানুষ। মুহূর্তে তিরিশ হাজারেরও বেশি দর্শকে ভরে গেল ন্যাশনাল স্টেডিয়াম। ক্রিজে তখন অবিভক্ত কমিউনিস্ট পার্টির সাংসদ এ কে গোপালন। যাঁর নামে এখন দিল্লিতে সিপিএমের সদর দফতর।
৭০ বছর আগের ঘটনা। সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ। প্রধানমন্ত্রীর বন্যা ত্রাণের তহবিল গড়তে দুদিনের টেস্ট ক্রিকেট ম্যাচ হয়েছিল নয়াদিল্লিতে। ভাইস প্রেসিডেন্ট তথা উপ রাষ্ট্রপতি একাদশ বনাম প্রধানমন্ত্রী একাদশ। সেই সময়কার সব সংবাদপত্রে সেই ম্যাচের রিপোর্ট প্রকাশিত হয়েছিল। মঙ্গলবার ১৪ নভেম্বর জওহরলাল নেহরুর জন্মদিনে সেই স্মৃতি উস্কে দিল কংগ্রেস।
Today is the 134th birth anniversary of Jawaharlal Nehru, the ‘gentle colossus’ who shaped 20th century India so very decisively. His legacy lives on and he continues to resonate in numerous ways, even as the self-styled Vishwaguru and his drum-beaters do their worst to deny his… pic.twitter.com/GvP4j1kJxG
— Jairam Ramesh (@Jairam_Ramesh) November 14, 2023
এবারের বিশ্বকাপ ক্রিকেটের লিগ পর্বে টানা ন’টি ম্যাচের ন’টিতেই জিতেছে ভারত। অনেকেই ধরে নিচ্ছেন যে জয়ের এই ধারা অব্যাহত থাকবে। চ্যাম্পিয়ন হবে ভারত। পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করছেন, চব্বিশের লোকসভা ভোটের আগে বিশ্বকাপের এই সাফল্যের সঙ্গে নিজেদের জড়িয়ে নেওয়ার যথাসম্ভব চেষ্টায় নেমে পড়েছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। যাতে ফিল-গুড ফ্যাক্টর তাঁদের সঙ্গে থাকে।
হতে পারে এই কারণেই ক্রিকেটের সঙ্গে কংগ্রেসের অনুষঙ্গ স্মরণ করিয়ে দিতেই জওহরলাল নেহরুর জন্মদিনে ৭০ বছরের পুরনো মণি মুক্তো তুলে আনতে চেয়েছে কংগ্রেস।
সেই সময়ে দ্য হিন্দুর প্রতিবেদনে দেখা যাচ্ছে, নেহরু যখন ব্যাট করতে নামেন তখন মাঠে প্রবল উন্মাদনা। তাঁর প্রতিটি শট দেখে হাততালি দিয়ে উঠছিলেন দর্শকরা। তার পর যখন প্রথম রান করেন তিনি, তখন যেন উন্মাদনার বাঁধ ভেঙে যায়। নেহরু ওই ১ রানেই অপরাজিত ছিলেন। আর এ কে গোপালন করেছিলেন ৬ রান। পরে ফিল্ডিং করার সময়ে স্লিপে কে ডি মালব্যর ক্যাচ নিয়েছিলেন জওহরলাল নেহরু।
উপ রাষ্ট্রপতি একাদশের সঙ্গে প্রধানমন্ত্রী একাদশের সেই টেস্ট ম্যাচ ড্র হয়েছিল। প্রথমে ব্যা়ট করে উপ রাষ্ট্রপতি একাদশ করেছিল ২৩১ রান। তার পর প্রধানমন্ত্রী একাদশ তিন উইকেটে ২৩১ রান করে ডিক্লেয়ার দেয়। আবার দ্বিতীয় ইনিংসে প্রথমে ব্যাট করেছিল প্রধানমন্ত্রী একাদশ। তাঁরা করেছিলেন ১৬৯ রান। টেস্টের শেষ দিনে উপ রাষ্ট্রপতি একাদশ ৯৫ রান করে। ম্যাচ অমীমাংসিত ভাবে শেষ হয়।