এখন পর্যন্ত ১৬৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৩৮ জনের অবস্থা গুরুতর। স্থানীয় বিজেপি নেতৃত্বের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে প্রায় ১ হাজার ২০০ জন ছিলেন।

ফাইল ছবি
শেষ আপডেট: 15 August 2025 14:55
দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের (Jammu Kashmir) কিস্তওয়ারে (Kishtwar) ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে (CloudBurst Rain) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫। শুক্রবারও টানা দ্বিতীয় দিনের মতো চলল উদ্ধার অভিযান।
মাচাইল মাতা যাত্রাপথে হিমালয়ের চূড়ায় মাতাচণ্ডীর মন্দিরগামী পথে আচমকা বন্যায় ভেসে যায় অস্থায়ী বাজার, যাত্রার লঙ্গরখানা ও একটি নিরাপত্তা শিবির। এখনও শতাধিক মানুষ নিখোঁজ, অনেকে ধ্বংসস্তূপের তলায় চাপা পড়েছেন বলে আশঙ্কা।
এখন পর্যন্ত ১৬৭ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৩৮ জনের অবস্থা গুরুতর। স্থানীয় বিজেপি নেতৃত্বের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার সময় ঘটনাস্থলে প্রায় ১ হাজার ২০০ জন ছিলেন।
জম্মু ও কাশ্মীরের মন্ত্রী জাভেদ দার জানিয়েছেন, এখনও অনেক মানুষ নিখোঁজ এবং সঠিক সংখ্যা নির্ধারণ করা যায়নি। তিনি বলেন, ''গত রাত থেকেই উদ্ধারকারীরা ঘটনাস্থলে কাজ করছেন। আশঙ্কা মৃতের সংখ্যা আরও বাড়বে।''
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, জম্মু-কাশ্মীরের কিস্তওয়ার, কুপওয়ারা, বারামুল্লা, বন্দিপুরা, শ্রীনগর, গান্ডেরবাল, বদগাঁও ছাড়াও পুঞ্চ, রাজৌরি, রিয়াসি, উধমপুর, জম্মু, ডোডায় আগামী কয়েক ঘণ্টা ধরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এছাড়াও বেশ কিছু এলাকায় আকাশ ভেঙে বৃষ্টিতে হড়পা বান ও ধসের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সুতরাং পরিস্থিতি যে খারাপের পথে তা অনুমান করাই যায়।
ইতিমধ্যে চাসোটি ও তার নীচের গ্রামগুলিতে হঠাৎ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৬টি বাড়ি ও সরকারি ভবন, তিনটি মন্দির, ৩০ মিটার দীর্ঘ একটি সেতু এবং এক ডজনেরও বেশি যানবাহন।