
বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর
শেষ আপডেট: 5 October 2024 15:09
দ্য ওয়াল ব্যুরো: ১৫ ও ১৬ অক্টোবর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে সাংহাই ইন্টারন্যাশনাল কো-অপারেশন বা সাংহাই সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, আগেই জানিয়েছে বিদেশ মন্ত্রক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি যাচ্ছেন না।
ভারত আসলে ওই সম্মেলন নিয়ে দ্বিমুখী কৌশল নিয়েছে। এক প্রধানমন্ত্রী না গিয়ে পাকিস্তানকে বার্তা দেওয়া ইসলামাবাদের সম্মেলনকে ভারত বিশেষ গুরুত্ব দিচ্ছে না। আবার সাংহাই ইন্টারন্যাশনাল কো-অপারেশনের বাকি দেশগুলির কথা বিবেচনায় রেখে বিদেশমন্ত্রীকে পাঠাচ্ছে নয়া দিল্লি।
তবে নয়া দিল্লির উপেক্ষা বা ইসলামাবাদের সম্মেলনকে খাটো করে দেখাতে ভারত আরও কিছু পদক্ষেপ করছে। তার অন্যতম হল, কোনওভাবেই যেন জয়শঙ্করের ইসলামাবাদ সফরকে ভারত-পাকিস্তান সম্পর্কের আলোকে দেখা না হয়। পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে ভারত যে দূরত্ব বজায় রেখেই চলতে চাইছে, সেই বার্তা দিতে জয়শঙ্করের সফর সূচিতে কোনও পাক কর্তার সঙ্গে বৈঠকের ব্যবস্থা থাকছে না।
গত বছর এই সম্মেলন ভারতের গোয়ায় হয়েছিল। সেখানে তৎকালীন পাক বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো এসেছিলেন। সেখানেও বিলাবল-জয়শঙ্করের দেখা হলে নমস্কার বিনিময় হয়, কথা হয়নি। এমনকী গ্রুপ ছবি তোলার সময়ও বিলাবলের সঙ্গে দূরত্ব বজায় রাখেন জয়শঙ্কর। মঞ্চে ওঠার মুখে বিলাবল ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিলে জয়শঙ্কর নমস্কার করে সৌজন্য বিনিময় করেন। করমর্দন করেননি।
ইসলামাবাদ গিয়ে তিনি কেন পাক নেতৃত্বকে এড়িয়ে চলবেন শনিবার তার ব্যাখ্যাও দিয়েছেন জয়শঙ্কর। বলেছেন, পাকিস্তান পুরোদস্তর সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। যারা প্রতিবেশী দেশে জঙ্গি অনুপ্রবেশ ঘটায় তাদের সঙ্গে কীভাবে আন্তরিক সম্পর্ক হতে পারে!
সম্প্রতি নিউ ইয়র্কে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একান্তে বৈঠক করেন। তাঁদের আলোচনায় অন্যতম ইস্যু ছিল সার্কের (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওন্যাল কো-অপারেশন) পুনরুজ্জীবন। জয়শঙ্কর সার্ক সম্পর্কে বলেন, দীর্ঘদিন এই মঞ্চের কোনও বৈঠক হয়নি। তার কারণ, সার্কের শরিক একটি দেশ (পড়ুন পাকিস্তান) লাগাতার জঙ্গিবাদ ও নাশকতাকে মদত দিয়ে চলেছে।