
সুপ্রিম কোর্ট
শেষ আপডেট: 3 October 2024 16:05
দ্য ওয়াল ব্যুরো: জেলের কয়েদিদেরও জাত বিচার করা হয়। নিচু জাত বলে সমাজে চিহ্নিতদের রান্না করা, শৌচাগার পরিস্কার, অসুস্থ বন্দিদের সেবাযত্ন করার কাজ দেওয়া হয়।
বুধবার এক জনস্বার্থের মামলায় সুপ্রিম কোর্ট বলেছে, অনেক রাজ্যের জেল ম্যানুয়ালের মধ্যেই জাতের ভিত্তিতে কাজের বিভাজনের উল্লেখ রয়েছে। তিন মাসের মধ্যে জেল ম্যানুয়াল সংশোধন করতে সব রাজ্যকে বুধবার নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে দায়ের হওয়া মামলায় বলা হয়েছিল, জেলে সাজাপ্রাপ্ত বন্দিদের কাজ দেওয়ার ক্ষেত্রে জাতের বিচার করা হয়। সাজা প্রাপ্ত বন্দিরা জেলে থাকাকালে তাদের দিয়ে নানা ধরনের কাজকর্ম করানো হয়। বিনিময়ে তারা পারিশ্রমিক পান। একটি সংস্থা দেশের একাধিক জেলের তথ্য পরিসংখ্যান সংগ্রহ করে দেখিয়েছে, ব্রাহ্মণ, কায়স্তদের শারীরিক খাটাখাটুনির কাজ তেমন একটা দেওয়া হয় না। যদিও সাজাতে বলা থাকে কী ধরনের কায়িক পরিশ্রমের কাজ করতে হবে। কিন্তু উচ্চবর্ণের আসামিদের সহজ কাজ দেওয়া হয়।
প্রধান বিচারপতির বেঞ্চ বলেছে, জেলে সকলেই আসামি। জেলের কাজের ক্ষেত্রে গরিব-বড়লোক, নিচু জাত, উঁচু জাত দেখা যাবে না। সব আসামিকেই ঘুরিয়ে ফিরিয়ে সব ধরনের কাজের দায়িত্ব দিতে হবে। জেলে বৈষম্য চলবে না।