
শেষ আপডেট: 23 January 2024 15:49
দ্য ওয়াল ব্যুরো: সুপ্রিম কোর্টের আইনজীবী এবং তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মিত্রের দাবি অনুযায়ী তাঁর বন্ধু, জয় অনন্ত দেহাদ্রাইকে এবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। আগামী ২৫ জানুয়ারি তাঁকে তলব করা হয়েছে এবং জানা গেছে তাঁর বয়ান রেকর্ড করা হবে।
তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সংসদে ঘুষের বিনিময়ে প্রশ্ন তোলার অভিযোগ এনেছিলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এদিকে দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানির কাছ থেকে উপহার এবং নগদ টাকা নিয়ে সংসদে আদানির বিরুদ্ধে প্রশ্ন তোলার অভিযোগ জানিয়ে পৃথক ভাবে সিবিআই প্রধানকে চিঠি লেখেন মহুয়ার এই প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহাদ্রাই। ঘটনার কিছুদিন পরই অবশ্য হিরানন্দানি জানিয়ে দেন, মহুয়ার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে সংসদে প্রশ্ন পাঠিয়েছিলেন তিনি। এরপরই ঘটনা অন্যদিকে মোড় নেয়।
দেহাদ্রাই দিল্লির থানায় তৃণমূল সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করেছিলেন, মহুয়া মৈত্র কাউকে না জানিয়েই তাঁর বাড়িতে আসেন। তাঁর মনে হচ্ছে, তৃণমূল সাংসদ তাঁর বিরুদ্ধে আবার কোনও ভুয়ো প্রতারণামূলক অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। এর পাশাপাশি সম্প্রতি তাঁর আরও অভিযোগ, পশ্চিমবঙ্গের শীর্ষ পুলিশ আধিকারিকদের দিয়ে মহুয়া নজর রাখছেন তাঁর ওপর।
এর আগে গত বছরের শেষের দিকেই এথিক্স কমিটি প্রথম ডেকে পাঠিয়েছিল বিজেপি সাংসদ দুবে এবং দেহাদ্রাইকে। কেন অভিযুক্তকে না ডেকে আগে অভিযোগকারীদের ডাকা হয়েছে তা নিয়ে উত্তপ্ত হয় কমিটির বৈঠক। পরে আবার এথিক্স কমিটির সামনেই জয় অনন্তকে জেরা করতে চেয়েছিলেন মহুয়া।