
শেষ আপডেট: 16 October 2023 14:26
দ্য ওয়াল ব্যুরো: দিনের শেষে ঘুমের দেশে চলে গেছে প্রজ্ঞান। হাজার চেষ্টা সত্ত্বেও আর তাকে জাগাতে পারেননি বিজ্ঞানীরা। ভারতের চন্দ্রযানের রোভার যদিও চিরঘুমে যাওয়ার আগে তার কাজ শেষ করে গেছে। তবে এই ভারতের মাটিতেই রয়েছে আর এক প্রজ্ঞান। মাত্র ১২ বছর বয়সেই গ্র্যান্ডমাস্টার হয়ে সকলকে তাক লাগিয়ে দিয়েছিল সে। তারপর থেকে ভারত তথা সারা বিশ্বের দাবার জগতে সকলের কাছেই অত্যন্ত পরিচিত নাম ১৮ বছরের রমেশবাবু প্রজ্ঞানন্দ। সোমবার সাতসকালেই চমক অপেক্ষা করছিল প্রজ্ঞানন্দের জন্য। সপ্তাহ শুরুর দিনেই ভারতের বিস্ময় তরুণ দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দের চেন্নাইয়ের বাড়িতে হাজির হলেন ইসরোর চেয়ারম্যান শ্রীধর সোমনাথ।
সম্প্রতি আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত বিশ্ব দাবা ফেডারেশনের ফাইনাল ম্যাচে এই মুহূর্তের বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে যান প্রজ্ঞানন্দ। তবে তাতে দমেননি এই তরুণ। এদিন পরবর্তী ম্যাচগুলির জন্য তাঁকে উৎসাহ দিতেই ইসরো প্রধান প্রজ্ঞানন্দের হাতে তুলে দেন একটি জিএসএলভি রকেটের ছোট্ট রেপ্লিকা। এদিন বিজ্ঞানী সোমনাথকে নিজের এতদিনের পাওয়া যাবতীয় ট্রফি এবং পুরস্কার দেখিয়েছেন প্রজ্ঞানন্দ। শুধু তাই নয়, ভারতের মহাকাশ অভিযানের জন্য গগনযানের সাফল্য কামনা করেছে তিনি।
এদিন ভারতের চন্দ্রযানের সাফল্যের অন্যতম কারিগর ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, প্রজ্ঞান রোভার টানা ঘুমোচ্ছে। তবে ভারতকে গর্বিত করার জন্য জেগে রয়েছে আর এক প্রজ্ঞান। তাকে তো জেগে থাকতেই হবে। সংবাদমাধ্যমের কাছে সোমনাথ জানিয়েছেন, তিনি আশা রাখেন, প্রজ্ঞানন্দ খুব তাড়াতাড়িই বিশ্বসেরা দাবাড়ু হয়ে উঠবেন।
তিনি আরও জানিয়েছেন, ভারতের মহাকাশ অভিযানের প্রচারের জন্য ইসরোর সঙ্গে হাত মিলিয়ে কাজ করবেন প্রজ্ঞানন্দ।
#WATCH | Chennai, Tamil Nadu: ISRO Chairman S Somanath says, "Like every Indian, we are very proud of him (Praggnanandhaa) for his accomplishment. He is a world no. 15 now... He will become world no. 1... Chess is an old game started in India... We are the origin place of it...… pic.twitter.com/0YEdA5say5
— ANI (@ANI) October 16, 2023
ইসরো-প্রধানের তাঁর বাড়িতে যাওয়া নিয়ে ভীষণ খুশি ভারতের এই কিশোর দাবাড়ু। তিনি জানিয়েছেন, এটি তাঁর কাছে অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। তিনি আরও জানিয়েছেন, শ্রী সোমনাথ তাঁকে শ্রীহরিকোটায় ইসরোর গবেষণাকেন্দ্রে ঘুরতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
'এটি একটি অত্যন্ত গর্বের বিষয় যে তিনি আমাদের সঙ্গে দেখা করতে এসেছেন। তিনি আমাকে শ্রীহরিকোটা যাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন যেখানে রকেট উৎক্ষেপণ করা হচ্ছে। ইসরোর এই কৃতিত্বে আমরা ভীষণ গর্বিত,' জানিয়েছেন প্রজ্ঞানন্দ।