
ইসলামাবাদে ভারতের চার্জ দ্য’অ্যাফেয়ার্স গীতিকা শ্রীবাস্তব
শেষ আপডেট: 25 April 2025 13:44
দ্য ওয়াল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের পহেলগামে (Pahalgam) ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ করেছে নয়াদিল্লি, এবার তার জবাব দিল ইসলামাবাদও। পাকিস্তানে অভ্যন্তরীণ অস্থিরতা ও নিরাপত্তা পরিস্থিতি এবং অর্থনৈতিক অবস্থা মোটেও ভাল নয়। বরং নড়বড়ে। তবু ঘরোয়া রাজনৈতিক চাপ ঠেকাতে শেহবাজ শরিফ প্রশাসনকেও গলা চড়াতে হচ্ছে। বিশেষ করে ভারত সিন্ধুর জলচুক্তি বাতিল করায় ঘোর উদ্বেগ তৈরি হয়েছে প্রতিবেশী রাষ্ট্রে।
এই অবস্খায় বৃহস্পতিবার ইসলামাবাদে ভারতের চার্জ দ্য’অ্যাফেয়ার্স গীতিকা শ্রীবাস্তবকে তলব করে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদপত্র (démarche) দিয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রক।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, পহেলগামে হামলার ঘটনায় ভারতের প্রতিক্রিয়া এবং একতরফাভাবে ইন্দাস জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সিকিউরিটি কাউন্সিলের মিটিং ডেকেছিলেন শেহবাজ শরিফ। তার পর ইসলামাবাদও কিছু পদক্ষেপ ঘোষণা করে। তার মধ্যে অন্যতম হল, পাকিস্তানে নিযুক্ত ভারতীয় প্রতিরক্ষা, বায়ুসেনা এবং নৌবাহিনীর অ্যাটাশেদের দেশত্যাগের নির্দেশ দেওয়া। সংশ্লিষ্ট সহায়ক কর্মীদেরও দেশ ছাড়তে বলা হয়েছে, যা ভারতের অনুরূপ পদক্ষেপেরই পাল্টা প্রতিক্রিয়া। এছাড়া ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের কর্মীসংখ্যা কমিয়ে ৩০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত জানিয়েছে পাকিস্তান।
তা ছাড়াও পাক প্রশাসন জানিয়ে দিয়েছে, শিখ তীর্থযাত্রী ব্যতীত সকল ভারতীয় নাগরিককে ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ত্যাগ করতে হবে।
পাকিস্তানের ফরেন অফিস তথা বিদেশ মন্ত্রক জানিয়েছে,“ভারতের একতরফা ও প্ররোচনামূলক পদক্ষেপের প্রতিক্রিয়ায় পাকিস্তান তার সার্বভৌম অধিকারের প্রয়োগ করেছে এবং আনুষ্ঠানিক কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই এসব সিদ্ধান্ত ভারতকে জানানো হয়েছে।”
পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালোচ বৃহস্পতিবার ইসলামাবাদে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকেও বসেছিলেন। ইসলামাবাদ বুঝতে পারছে তারা ক্রমশই সন্ত্রাসের প্রশ্নে একঘরে হয়ে পড়ছে। ফলে তৃতীয় পক্ষের মধ্যস্ততার জন্য মরিয়া হয়ে উঠেছে পাকিস্তান। কোনওভাবে রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপে সিন্ধুর নদীর জলচুক্তি বাতিল ঠেকাতেও উঠে পড়ে নেমেছে। পরে পাক বিদেশ সচিব এও বলেন, “ভারত মিথ্যা প্রচার করছে, এটা দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার পথে বাধা হয়ে দাঁড়াবে।”
সামগ্রিক ভাবে পাক বিদেশ মন্ত্রক বা শেহবাজ শরিফের দফতর খুব আগ্রাসী নয়। তবে রাজনৈতিক ভাবে শাসক দলকে ঘরোয়া চাপও সামলাতে হচ্ছে। সম্ভবত সেই কারণেই কিছু গরম গরম কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইশাক দার। তিনি বলেন, “যারা হামলা চালিয়েছে, তারা মুক্তিযোদ্ধা।”
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইশাক দার আরও বলেন, ‘‘পাকিস্তানের ২৪ কোটি মানুষের জল দরকার। ভারত যদি জল বন্ধ করে দেয়, সেটা যুদ্ধ ঘোষণারই সামিল হবে। ভারত হামলা করলে পাকিস্তানও পাল্টা জবাব দেবে।’’
এছাড়াও, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ দাবি করেছেন, ভারত পাকিস্তানে হামলার ছক কষছে। তাঁর ভাষায়, “আমাদের নাগরিকদের ক্ষতি করলে ভারতও ছাড় পাবে না। বদলা হবে বদলার মতো।”