
শেষ আপডেট: 26 February 2024 14:55
দ্য ওয়াল ব্যুরো: সোমবার, ২৬ ফেব্রুয়ারি আইএসসি-র (দ্বাদশ শ্রেণি) কেমিস্ট্রির প্রথম পত্রের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। এদিন দুপুর ২টো থেকে পরীক্ষার কথা ছিল। তার মাত্র কয়েকঘণ্টা আগের অনিবার্য কারণবশত পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়। আগামী ২১ মার্চ, বৃহস্পতিবার, দুপুর ২টোর সময় এই পরীক্ষা নেওয়া হবে বলে কাউন্সিল জানিয়েছে।
কাউন্সিলের ডেপুটি সেক্রেটারি সঙ্গীতা ভাটিয়ামের নোটিসে হঠাৎ পরীক্ষার দিন বদলের কারণ জানানো হয়নি। কিন্তু, আচমকা এই সিদ্ধান্তের ফলে পরীক্ষার ঠিক মুখে হাজার হাজার ছাত্রছাত্রী অথই জলে পড়ে। অভিভাবকদের অভিযোগ, কাউন্সিলকে অবশ্যই পরীক্ষা স্থগিতের কারণ জানাতে হবে। এটা অসংখ্য পড়ুয়ার ভবিষ্যতের ব্যাপার।
প্রসঙ্গত, বহু পরীক্ষার্থী এদিন কেন্দ্রে এসে পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা জানতে পারে। দুপুর ২টোয় পরীক্ষা ছিল। লখনউয়ের এক অভিভাবিকা দুপুর ১২টা ৪৭ মিনিটে স্কুলের তরফে এক হোয়াটস অ্যাপ মেসেজে জানতে পারেন পরীক্ষা স্থগিতের কথা। দিন পিছিয়ে ২১ মার্চ কেমিস্ট্রির প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে বলে তাতে লেখা ছিল।
একইভাবে বিভিন্ন শহর থেকে পাওয়া খবরে জানা গিয়েছে, অনেকেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়েছিল। খবর পেয়ে তারা ফিরে আসতে বাধ্য হয়। বহু অভিভাবকের অভিযোগ, বহু পরীক্ষার্থীর মন ভেঙে গিয়েছে। কারণ সমস্ত প্রস্তুতির পর পরীক্ষা পিছিয়ে গেলে অন্য পরীক্ষাতেও তার প্রভাব পড়ে।