কেন্দ্রের নীতি-সহায়তা, দ্রুত বাড়তে থাকা প্রযুক্তি অবকাঠামো এবং বিপুল দক্ষ মানবসম্পদের জোরেই এআই-প্রযুক্তি ক্ষেত্রে ভারতের গতি আরও বাড়বে।

অশ্বিনী বৈষ্ণব
শেষ আপডেট: 21 January 2026 14:06
দ্য ওয়াল ব্যুরো: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) উদ্ভাবনে ভারত কি আমেরিকা ও চিনের থেকে পিছিয়ে? সাম্প্রতিক সময়েই প্রযুক্তি মহলে এই প্রশ্ন ঘোরাফেরা করছিল। তবে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের মঞ্চ থেকে সেই ধারণা খারিজ করলেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Aswini Vaishnaw)। তাঁর দাবি, এআই নিয়ে ভারত এখন দ্রুতগতিতে এগোচ্ছে (India AI development) এবং বিশ্ববাসীকে নতুন দৃষ্টান্ত দেখাচ্ছে।
মঙ্গলবার দাভোসে এক আলোচনায় অংশ নিয়ে অশ্বিনী বৈষ্ণব বলেন, “এআই উদ্ভাবনে ভারত নজির তৈরি করছে। প্রতিরক্ষা ক্ষেত্রেও আমরা একের পর এক নতুন এআই মডেল ব্যবহার করছি এবং ইতিমধ্যেই তার অসাধারণ ফল মিলছে।” তাঁর মতে, ভারতীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করতে হলে ভবিষ্যতে ক্ষেত্রবিশেষে আরও উন্নত এআই মডেল তৈরি করা জরুরি।
এদিন তিনি ভারতের স্টার্ট-আপ ইকোসিস্টেম (Start up Eco System) নিয়ে বিশেষভাবে আশাবাদী মন্তব্য করেন। তাঁর দাবি, দেশে প্রতিদিন নয়া স্টার্ট-আপ তৈরি হচ্ছে এবং তারা এআই-কে কেন্দ্র করেই বিভিন্ন পরিষেবা ও পণ্য উদ্ভাবনে মনোযোগ দিচ্ছে। এই পরিবেশই ভবিষ্যতে বিশ্ববাজারে ভারতের অবস্থানকে আরও দৃঢ় করে তুলবে।
এআই উদ্ভাবনে ভারত (India) পিছিয়ে- এমন তত্ত্ব নস্যাৎ করেছেন আইবিএম-এর সিইও অরবিন্দ কৃষ্ণও (IBM CEO Arvind Krishna)। তাঁর মতে, ভারত শুধু নতুন অ্যাপ্লিকেশন তৈরি করেই থেমে নেই, বরং সেই অ্যাপ্লিকেশনগুলিকে রক্ষণাবেক্ষণ, উন্নয়নের দিকেও সমান গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, “ভারতে আমরা শুধু অ্যাপ বানাই না। আমরা সেগুলোকে আরও শক্তিশালী ও কার্যকর করে তোলার জন্য লাগাতার কাজ করি।”
অরবিন্দ কৃষ্ণ প্রযুক্তির বিবর্তন নিয়ে বলেন, প্রতিটি প্রযুক্তিগত বিপ্লবের শুরু হয় সেমিকন্ডাক্টরকে কেন্দ্র করে, তারপর গুরুত্ব সরে যায় অপারেটিং সিস্টেমে (Operating System)। ভবিষ্যতের প্রকৃত প্রতিযোগিতা হবে সেই সব দেশের মধ্যে, যারা নতুন অ্যাপ্লিকেশন, ডিজিটাল পরিষেবা এবং উদ্ভাবনী প্রযুক্তি তৈরি করতে পারবে। তাঁর মতে, এই ক্ষেত্রেই ভারত বড় ভূমিকা নিতে চলেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, কেন্দ্রের নীতি-সহায়তা, দ্রুত বাড়তে থাকা প্রযুক্তি অবকাঠামো এবং বিপুল দক্ষ মানবসম্পদের জোরেই এআই-প্রযুক্তি ক্ষেত্রে ভারতের গতি আরও বাড়বে। বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ যে এআই নির্ভর, দাভোসে কেন্দ্রীয় মন্ত্রী ও আইবিএম কর্তার বক্তব্য থেকে তা আরও একবার পরিষ্কার হল। আর সেই ভবিষ্যৎ দৌড়ে ভারত নিজেকে শক্তিশালী প্রতিযোগী হিসেবেই তুলে ধরতে চাইছে, একথা বলাই বাহুল্য।