
শেষ আপডেট: 28 November 2023 15:21
দ্য ওয়াল ব্যুরো: আর মাত্র কিছুক্ষণ। অন্ধকূপ থেকে বেরিয়ে আলোয় ফেরা এখন শুধুই কয়েক ঘণ্টার অপেক্ষা। মঙ্গলবার সন্ধের মধ্যেই মুক্তি পাবেন ৪১ জন শ্রমিক! আর সুখবরের সম্ভাবনা দেখা দিতেই সুড়ঙ্গের সামনে পুজোয় বসলেন বিদেশি খনন বিশেষজ্ঞ আর্নল্ড ডিস্ক। এই সুড়ঙ্গ খননের কাজে তিনিই রূপকার। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়েছে।
সিল্কিয়ারা সুড়ঙ্গে ঢোকার মুখেই একটি অস্থায়ী মন্দির স্থাপন করেছেন স্থানীয় বাসিন্দারা। এক স্থানীয় দেবতাকে সেখানে স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সকালে সেখানেই ৪১ জন শ্রমিককে নিরাপদে মুক্ত করার প্রার্থনায় পুরোহিতের সঙ্গে পুজোয় বসেছেন আর্নল্ড ডিস্ক। উদ্ধারকাজ যাতে নিরাপদে মিটে যায়, সে কারণে প্রার্থনা করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।
উত্তরকাশীতে উদ্ধারকাজের দায়িত্বে রয়েছে মোট পাঁচটি সংস্থা— ওএনজিসি, এসজেভিএনএল, আরভিএনএল, এনএইচআইডিসিএল এবং টিএইচডিসিএল। এই সংস্থাগুলির সঙ্গে কথা বলে তাঁদের মধ্যে সমন্বয় সাধন করেন অস্ট্রেলিয়ার বাসিন্দা ডিস্ক।। বিশেষজ্ঞ হিসাবেই পরিচিত আর্নল্ড ডিক্স। পৃথিবীর যে কোনও প্রান্তে সুড়ঙ্গে নামলে বা আগুন লেগে গেলে কী করা উচিত, সেই নিয়ে পরামর্শ দেন তিনি। উত্তরকাশীর সুড়ঙ্গ থেকেও শ্রমিকদের কীভাবে নিরাপদে বার করে আনা হবে সেব্যপারে জানান তিনি।
ব্রিটিশ ইনস্টিটিউট অফ ইনভেস্টিগেটর্সের অন্যতম সদস্য ডিক্স পেশায় আইনজীবী।। এছাড়া টোকিও সিটি বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়াংরিং বিভাগে সুড়ঙ্গ সংক্রান্ত বিষয়ে অধ্যাপনা করেন তিনি। উত্তরকাশীর টানেলের উদ্ধারকারী দলের অন্যতম 'মুখ' হয়ে উঠেছেন আর্নল্ড ডিক্স। এবার শ্রমিকদের নিরাপদে উদ্ধারের জন্য বসেছেন পুজোতেও।