
নারায়ণ মূর্তি, সুধা মূর্তি ও রাহুল দ্রাবিড়।
শেষ আপডেট: 26 April 2024 12:30
দ্য ওয়াল ব্যুরো: ইনফোসিস কর্তা নারায়ণ মূর্তি কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তাতে কী? ভোট দেওয়ার জন্য হাসপাতাল থেকে ছুটি করিয়ে নিয়ে সাতসকালে চলে এলেন। শুক্রবার সকালে প্রথম ভোটারদের লাইনে দেখা গেল নারায়ণ মূর্তি এবং তাঁর রাজ্যসভা সাংসদ স্ত্রী সুধা মূর্তিকে। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান হেড কোচ রাহুল দ্রাবিড়ও এদিন সকাল সকাল বেঙ্গালুরু একটি কেন্দ্রে ভোট দিলেন। দ্রাবিড়ের প্রাক্তন সহ খেলোয়াড় এবং প্রাক্তন স্পিনার অনিল কুম্বলেও এদিন বেঙ্গালুরুতে ভোট দেন।
ভোট দিয়ে বেরিয়ে নারায়ণ মূর্তি বলেন, পাঁচ বছর অন্তত আমরা এই সুযোগ পাই। তাই আমাদের উচিত ভোটাধিকার প্রয়োগ করা। কারওরই এই সুযোগ ছাড়া উচিত নয়। সুধা মূর্তি বলেন, ৭৭ বছর বয়সি নারায়ণ অসুস্থ থাকা সত্ত্বেও ভোট দিতে এসেছেন। কয়েকদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। হাসপাতালে রাখতে হয়েছিল। আমরা তাঁর ছুটি হওয়া মাত্রই ভোট দিতে এসেছি। এখান থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাব।
সুধা মূর্তি আরও বলেন, আমাদের বেড়াতে যাওয়ার কথা ছিল। কিন্তু, আগে ভোট পরে বেড়াতে যাওয়া। ভোটদান শ্রেষ্ঠ দান, বলেন সুধা। বসে বসে আড্ডা না মেরে নিজের ভোট নিজে দিয়ে আসুন। আরও বেশি সংখ্যক মানুষ যাতে ভোট দেন, তার আর্জি জানান তিনি।
জয়নগরের একটি বুথে ভোট দিয়ে সুধা যুব সম্প্রদায়ের উদ্দেশে বলেন, আমাদের মতো বৃদ্ধবৃদ্ধারা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। আপনারা কেন বসে থাকবেন?
ভোট দিয়ে বেরিয়ে দ্রাবিড় বলেন, ব্যবস্থা খুব ভালো। সকলে বেরিয়ে আসুন, ভোট দিন, আর্জি জানান মিস্টার ডিপেন্ডেবল। গণতন্ত্রকে রক্ষা করার এটাই একমাত্র সুযোগ। কুম্বলেও সস্ত্রীক ভোট দিয়ে এক্সবার্তায় ছবি দিয়ে নিজেকে গর্বিত বলে জানান।
দ্বিতীয় দফায় দার্জিলিং, রায়গঞ্জ, বালুরঘাটে ভোট চলছে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। সকাল ৯টা অবধি রাজ্যের ওই তিন আসনে ভোট পড়েছিল গড়ে ১৫ শতাংশ। পরবর্তী ২ ঘণ্টায় ভোটদানের হার বেড়েছে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সকাল ১১টা পর্যন্ত বাংলার তিন কেন্দ্রে গড় ভোটের হার ৩১.২৫ শতাংশ। দার্জিলিঙে ভোট পড়েছে ৩২.৭৫ শতাংশ, রায়গঞ্জে ৩২.৫১ শতাংশ এবং বালুরঘাটে ২৮.১১ শতাংশ। অর্থাৎ ভোটদানের হারে এগিয়ে দার্জিলিং।
ভোট শুরুর ঘণ্টা চারেকের মধ্যে একাধিক অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। সকাল ৯টা পর্যন্ত ১১৩টা অভিযোগ জানিয়েছে তৃণমূল। তার মধ্যে রয়েছে ইভিএম খারাপ, বিজেপি মানুষকে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মহিলাদের ভয় দেখাচ্ছে ইত্যাদি। বালুরঘাটে এবং রায়গঞ্জের কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবরও পাওয়া গেছে।
কমিশন জানিয়েছে, বেলা ১১টার পর থেকে মোট অভিযোগ জমা পড়েছে প্রায় ২৯০টি। সবচেয়ে বেশি রায়গঞ্জে ১২৩ টি, বালুরঘাট থেকে ৯২টি ও দার্জিলিং থেকে ২৬টি অভিযোগ জমা পড়েছে। সি ভিজিল অ্যাপে সকাল থেকে অভিযোগ জমা পড়েছে। তার মধ্যে রায়গঞ্জ থেকে ১১টি অভিযোগ জমা পড়েছে। দার্জিলিং ও বালুঘাট থেকে ৬টি করে অভিযোগ জমা পড়েছে। সিএমএস পোর্টালেও একের পর এক অশান্তির খবর জানানো হচ্ছে। সবচেয়ে বেশি অভিযোগ এসেছে দার্জিলিং থেকে। তারপর রায়গঞ্জ থেকে ৭টি ও বালুরঘাট থেকে ৮টি অভিযোগ জমা পড়েছে।
সবচেয়ে বেশি অভিযোগ জানিয়েছে বিজেপি। দলের তরফে দাবি করা হয়েছে, ভোটারদের নানাভাবে প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূব। গঙ্গারামপুরে পুলিশ নীরব দর্শক, বারান্দায় উঠে তৃণমূলের লোকজন ভোট নিয়ন্ত্রণ করছে। পতিরামপুরে বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক জ্যোতিষ রায়কে মারধরের অভিযোগ উঠেছে। বুথের ১০০ মিটারের মধ্যে ক্যাম্প বসানোর অভিযোগও রয়েছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভও হয়েছে। বিজেপির দাবি, প্রার্থীকেই বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ দেখেও কিছু করছে না। গোটা এলাকায় অশান্তি চলছে।