
শেষ আপডেট: 19 November 2023 16:55
দ্য ওয়াল ব্যুরো: রবিবার প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৬ তম জন্মদিন পালিত হচ্ছে। বিগত বছরগুলির মতো এবারও দিল্লিতে ইন্দিরার সমাধিস্থল শক্তিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কংগ্রেসের নেতা-কর্মীরা। এবার বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ইন্দিরার জন্মদিন নয়া মাত্রা পেয়েছে। ১৯৮৩তে ভারত প্রথম বিশ্বকাপ জয়ী হয়েছিল। ইন্দিরা ছিলেন প্রধানমন্ত্রী। লন্ডনের ফাইনাল ম্যাচে থাকতে না পারলেও দেশে ফেরার পর কপিল বাহিনীর জন্য বড় ধরনের অনুষ্ঠানের আয়োজন করে রাষ্ট্রীয়ভাবে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছিলেন। একদিনের জাতীয় ছুটিও ঘোষণা করেন। ব্যক্তিগতভাবে ক্রিকেট ভক্ত ইন্দিরার ’৮৩-এর বিশ্বকাপ ম্যাচ সংক্রান্ত একাধিক ভিডিও রবিবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে কংগ্রেস।
দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে বসে ফাইনাল ম্যাচ দেখছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। দলীয় দফতরে বড় পর্দার টিভি বসানো হয়েছে। সকালে খাড়্গে, সনিয়া ও রাহুল গান্ধী শক্তিস্থলে গিয়ে ইন্দিরার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সংসদেও ইন্দিরার প্রতিকৃতিতে মালা দেন তাঁরা। তারপর সনিয়া ও রাহুল রাজস্থানে উড়ে যান ভোটের প্রচার সারতে। খাড়্গে যান দলীয় দফতরে। কংগ্রেস নেতা জয়রাম রমেশ রবিরার সোশ্যাল মিডিয়ায় ’৮৩-র ম্যাচ ও ইন্দিরা বিষয়ে একাধিক ভিডিও শেয়ার করেন।
সকালে এক্স হ্যান্ডেলে প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাতি রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলে লিখেছেন, ইন্দিরা দেশের জননেত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী। আমার কাছে তিনি একজন শিক্ষিকা, শক্তি, প্রেরণার উৎস।