সপ্তাহের প্রথম দিনেই দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহরে বিমান বাতিল করেছে সংস্থা। সময়মতো গন্তব্যে পৌঁছতে না পেরে যাত্রীদের অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন

পূর্ব রেলের বিশেষ ট্রেন
শেষ আপডেট: 8 December 2025 13:51
দ্য ওয়াল ব্যুরো: টানা একসপ্তাহ ধরে বিপর্যস্ত ইন্ডিগোর বিমান পরিষেবা (IndiGo flight cancellations)। প্রতিদিনই নতুন করে যাত্রীদের ভোগান্তি বাড়ছে। সোমবার, সপ্তাহের প্রথম দিনেই দিল্লি, মুম্বইয়ের মতো বড় শহরে বিমান বাতিল করেছে সংস্থা। সময়মতো গন্তব্যে পৌঁছতে না পেরে যাত্রীদের অনেকেই ক্ষোভ উগরে দিয়েছেন বিমানবন্দরের কর্মীদের উপর (IndiGo crisis)। এই পরিস্থিতিতে যাত্রীদের পাশে দাঁড়াতে এগিয়ে এল পূর্ব রেল।
টানা ফ্লাইট বাতিলের ফলে আটকে পড়া যাত্রীদের বিকল্প পরিবহণ পরিষেবা দিতে বিশেষ ট্রেন চালানোর (Kolkata special trains) সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব রেলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাওড়া-নয়াদিল্লি, নয়াদিল্লি-হাওড়া, শিয়ালদহ-লোকমান্য তিলক এবং লোকমান্য তিলক-শিয়ালদহ রুটে বিশেষ ট্রেন চালানো হবে।
রেল ঘোষণা অনুযায়ী, ৮ ডিসেম্বর অর্থাৎ আজ হাওড়া থেকে ০৩০০৯ হাওড়া–নয়াদিল্লি স্পেশাল ট্রেন ছাড়ার কথা। ফেরার পথে, ১০ ডিসেম্বর দিল্লি থেকে ০৩০১০ নয়াদিল্লি–হাওড়া স্পেশাল রওনা দেবে সকাল ৭টা ৩০ মিনিটে এবং পরের দিন দুপুর দেড়টা নাগাদ পৌঁছবে হাওড়ায়। উভয় দিকের ট্রেনেই বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোলে স্টপেজ থাকবে।
এছাড়া, আজ ০৩১২৭ শিয়ালদহ–লোকমান্য তিলক স্পেশাল ট্রেন (Indian Railways special trains) ছাড়বে রেল। ১১ ডিসেম্বর ট্রেনটি ফিরবে। ওইদিন ০৩১২৮ লোকমান্য তিলক–শিয়ালদহ স্পেশাল ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং পরের দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে পৌঁছবে শিয়ালদহে। এই দুটি ট্রেনই নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে থামবে।
পূর্ব রেল জানিয়েছে, বিশেষ এই ট্রেনগুলিতে যাত্রীদের সুবিধার জন্য জেনারেল সেকেন্ড ক্লাস, স্লিপার কোচ এবং এসি কামরার ব্যবস্থা রাখা হয়েছে। টিকিট কেনা যাবে অনলাইন এবং স্টেশন কাউন্টার- উভয় মাধ্যমেই। রেলের দাবি, হঠাৎ বিমান বিপর্যয়ের সময় এই বিশেষ ট্রেনগুলি বহু যাত্রীকে স্বস্তি দেবে বলেই আশা করছে রেল কর্তৃপক্ষ।