
হাফিজ সইদের লাহোরের বাড়ি। উপগ্রহ ছবি।
শেষ আপডেট: 30 April 2025 14:13
দ্য ওয়াল ব্যুরো: ভারত দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে যে, লস্কর-ই-তোইবার মূল পান্ডা হাফিজ সইদ পাকিস্তানেই ঘাপটি মেরে আছে। কিন্তু, পাকিস্তান সরকার বেশ কিছুকাল ধরে দাবি নস্যাৎ করে বলে বেড়াচ্ছে, লস্কর প্রধান হাফিজ সইদ জেলে বন্দি রয়েছে। কিন্তু ইংরেজি সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী লস্কর প্রধান হাফিজ পাকিস্তানের লাহোরের এক জনবহুল এলাকায় কয়েক স্তরীয় নিরাপত্তার ঘেরাটোপে ঘাপটি মেরে আছে বলে সেই গোপন ঘাঁটির সন্ধান পেয়েছে।
শুধু তাই নয়, হাফিজের নিরাপত্তার দায়িত্বে শুধু লস্কর জঙ্গিরাই রয়েছে তাই নয়, খোদ পাকিস্তান সেনাবাহিনী চোখের মণির মতো রক্ষা করছে তাকে। পহলগাম গণহত্যার একেবারে মূল মাথা হাফিজকে এমন জায়গায় রাখা হয়েছে, যা লাহোর শহরের অত্যন্ত জনবহুল এলাকা। ফলে সরাসরি সামরিক হানা এই জায়গায় সম্ভব নয়, তাহলে নিরীহ মানুষের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
ইন্ডিয়া টুডে উপগ্রহ চিত্রের সাহায্যে এবং ভিডিও ছবির মাধ্যমে হাফিজ সইদের ডেরা সন্ধান পেয়েছে। এমনকী সংবাদ মাধ্যমের প্রতিনিধিকেও তার ব্যক্তিগত রক্ষীরা জানিয়েছে, দিনরাত হাফিজের প্রহরা রয়েছে। উপগ্রহ চিত্র মারফত জানা গিয়েছে, হাফিজ সইদের এই আস্তানার তিনটি ভাগ রয়েছে।
একটিতে হাফিজ সইদ নিজে থাকে। সেখানে তার পরিবার ও আত্মীয়স্বজনরাও থাকে। এছাড়াও ওই চত্বরেই রয়েছে একটি বিশাল মসজিদ এবং মাদ্রাসা। এমনকী নতুন তৈরি করা হয়েছে হাঁটাহাঁটি ও সময় কাটানোর জন্য পার্ক। যেখানে হাফিজের জন্য নানান সুযোগসুবিধার ব্যবস্থা রয়েছে।
পাকিস্তানি সরকারের নিরাপত্তার বজ্র আঁটুনিতে পরম নিশ্চিন্তে সেখানে বসবাস করে সইদ। আসলে সে কোনও জেলেই নেই। সূত্রে জানা গিয়েছে, ভারতীয় এজেন্সিগুলির কাছে হাফিজ সইদের ডেরার খোঁজ রয়েছে। গত মাসে হাফিজের ঘনিষ্ঠ শাগরেদ আবু কাটালকে খুনের পর হাফিজের নিরাপত্তা আরও জোরদার করা হয়। আইএসআই খোদ তার নিরাপত্তার সমস্তরকমের দায়িত্ব নিয়েছে।