
ট্রেনের ভিতর এটিএম
শেষ আপডেট: 16 April 2025 18:58
দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ট্রেনেই এবার নগদ হাতে পাবেন যাত্রীরা। ভারতে প্রথমবার চালু হল এই পরিষেবা (India's First Train With ATM)। মুম্বই-মানমাড পঞ্চবটি এক্সপ্রেসে বসল এটিএম। এটি ভারতীয় রেলের ভুসাওয়াল ডিভিশন এবং ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের যৌথ উদ্যোগ।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেনের ভিতর এটিএমের সফল ট্রায়াল হয়েছে। এসি কোচে যাবতীয় পর্যবেক্ষণের পরই মেশিন ইনস্টল করা হয়েছে। তবে ইগাতপুরি ও কাসারার মাঝে নেটওয়ার্কের সমস্যা দেখা যাচ্ছে, যার দ্রুত সমাধান করার চেষ্টা চলছে। ট্রেনের মধ্যে এটিএম পরিষেবা (India's First Train With ATM) চালু হলে যাত্রীদের উপকার হবে, এমনটাই মনে করছেন তারা।
মুম্বই-মানমাড পঞ্চবটি এক্সপ্রেসের এটিএম (ATM) ২২টি কোচের যাত্রীরা ব্যবহার করতে পারবেন। নগদ তোলার পাশাপাশি গ্রাহকরা চেকবুক অর্ডার করতে পারবেন। শীঘ্রই মুম্বই-হিঙ্গোলি যান শতাব্দী এক্সপ্রেসেও এটিএম ইনস্টল করা হবে।
ট্রেনের (Train) ভিতরে এটিএমের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। এই পরিষেবা যাত্রীদের চাহিদা পূরণ করতে পারলে আগামী দিনে অন্যান্য ট্রেনেও এটিএম মেশিন বসানো হবে বলে জানা গিয়েছে।