Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

মার্কিন ভিসা অনুমোদনে যুদ্ধ বেঁধেছে ভগবান বনাম ট্রাম্পের 'অ-সুর' কুলের

এইসব মন্দিরে কেউ ভিসার জন্য পুজো দিতে যাওয়ার জন্য দীর্ঘ উপবাস ব্রত রাখেন।

মার্কিন ভিসা অনুমোদনে যুদ্ধ বেঁধেছে ভগবান বনাম ট্রাম্পের 'অ-সুর' কুলের

মুখে মুখে ঠাকুরের নামও জুড়ে গিয়েছে ভিসার সঙ্গে।

শেষ আপডেট: 6 February 2025 16:12

দ্য ওয়াল ব্যুরো: এক-এক মন্দিরের দেবতা এক-এক বিষয়ে জাগ্রত। কেউ শক্তির, তো কেউ বিদ্যার, কেউ সুখ-শান্তির আবার কোনও কোনও আদিদেবতার হাতে রয়েছে সর্বশক্তির আধার। কিন্তু, দেশে এমন বেশ কিছু মন্দির রয়েছে, যেখানে আমেরিকায় যাওয়ার কাজের ভিসা অনুমোদনের মানত করে পুজো দেওয়া হয়। আশ্চর্য হলেও সত্যি যে, এই মন্দিরগুলির নামই হয়ে গিয়েছে ভিসা মন্দির। মুখে মুখে ঠাকুরের নামও জুড়ে গিয়েছে ভিসার সঙ্গে। আর সেই নামেই দূরদূরান্তে পরিচিত সেই ভগবান।

এইসব মন্দিরে কেউ ভিসার জন্য পুজো দিতে যাওয়ার জন্য দীর্ঘ উপবাস ব্রত রাখেন। কেউ খালি পায়ে হেঁটে বা হাঁটু দিয়ে সিঁড়ি চড়ে প্রবেশ করেন। কোথাও আবার গাছে সুতো বেঁধে মানত রাখেন। কেউ মাছ, মাংস, মদ্যপান ত্যাগ করে কৃচ্ছসাধনও করেন। এমনও জায়গা আছে যেখানে যেখানে ঈশ্বরকে তুষ্ট করতে খেলনা এরোপ্লেন দেন ভিসার আবেদন করা ভক্তরা। তাঁদের মধ্যে একজন হলেন ভিসা হনুমান। আর এই কারণেই হাজার হাজার ভক্ত আমেরিকার অভিবাসনপত্র জোগাড় করতে এল ওয়ান কিংবা এইচ ওয়ানবি ভিসা পেতে গুজরাতের এই মন্দিরে মাথা কুড়তে যান।

আমদাবাদের এই ভিসা হনুমান মন্দিরই শুধু নয়, এরকম বেশ কিছু মন্দির ছড়িয়ে রয়েছে দেশ জুড়ে। তামিলনাড়ু থেকে দিল্লি, তেলঙ্গানা থেকে পাঞ্জাব পর্যন্ত প্রতিদিন শয়ে শয়ে প্রধানত মার্কিন ভিসা-প্রত্যাশীদের ভিড় থাকে এই মন্দিরগুলিতে। আমেরিকা না জুটলেও কানাডা ও অস্ট্রেলিয়ায় যেতে চাওয়াদেরও পুজো পেয়ে থাকেন এই দেবদেবীরা। আর তাঁদের খুশি করতে কেউ শয়ে শয়ে কিলোমিটার পথ পাড়ি দিয়ে সেখানে পৌঁছান, ১০৮ বার পরিক্রমা করতেও পিছপা হন না।

দ্বিতীয় ট্রাম্প প্রশাসন অবৈধভাবে বসবাসকারী ভারতীয়দের দেশে ফেরত পাঠানো শুরু করতেই এইসব মন্দিরে ভিড় ও ভক্তি দুই-ই বাড়তে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেই দিয়েছেন যে, কাজের জগতে আমেরিকানরাই প্রাধান্য পাবে। আর তাতেই সেদেশে কাজের স্বপ্ন দেখা ভারতীয়দের মধ্যে দুশ্চিন্তার কালো ছায়া নেমে এসেছে। সে কারণেই উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশীরা দলে দলে ছুটছেন এইসব মন্দিরে। শুধু সেই রাজ্যেরই নয়, ভিনরাজ্য থেকেও ভক্তদের ভিড় বাড়ছে।

গত কয়েকদিন ধরে গুজরাতের আমদাবাদের চমৎকারী হনুমান মন্দির বা লোকমুখে প্রচলিত ভিসা হনুমান মন্দিরে ভিড় বাড়ছে। ভক্তরা হনুমানের চরণে পাসপোর্ট রেখে সেখানে বসে বা দাঁড়িয়ে হনুমান চালিশা পাঠ করেন। মন্দিরের পুরোহিত বিজয় ভাট বলেন, এটা পুরোটাই বিশ্বাসের ব্যাপার। আপনি যদি বিশ্বাস করেন, তাহলে ফল পাবেন। আর মনে যদি সন্দেহের রেখামাত্র থাকে, তাহলে হতাশ হতে হবে। তাঁর দাবি, পুজোর কয়েক ঘণ্টার মধ্যেই অনেকের ভিসা অনুমোদন হয়েছে। যারা অনেকবার ভিসা চেয়েও পাননি, তাঁরা এখানে এসে ফল পেয়েছেন।

ঠিক এইভাবেই হায়দরাবাদের চিলকুর বালাজি মন্দিরেও ভিসা ভগবানের কাছে পুজোর ভিড় বেড়ে গিয়েছে। মন্ত্রোচ্চারণের মধ্যে খালি পায়ে ১০৮ বার প্রদক্ষিণ করার হিড়িক বেড়ে গিয়েছে। এই মন্দিরে প্রতিদিন অন্তত ১০০০ মানুষ আসেন। পাঞ্জাবের একটি গ্রাম তালহান-এ শহিদ বাবা নিহাল সিং গুরুদ্বার লোকমুখে হাওয়াইজাহাজ গুরুদ্বার বা ভিসাওয়ালা গুরুদ্বার বলে পরিচিত। গুরুদ্বারে ঢুকলেই দেখা যাবে কয়েকশো খেলনা প্লেন বা বিমান সেখানে ছড়িয়ে রয়েছে। গুরুদ্বারের বাইরেও রয়েছে অসংখ্য খেলনা প্লেন বিক্রির দোকান। ২০২৩ সালে হিন্দি ছবি ডাঙ্কিতে শাহরুখ খান ও তাপসী পান্নুকে প্লেন হাতে যে গুরুদ্বারে প্রার্থনা করতে দেখা গিয়েছিল, তার শ্যুটিংও এখানেই হয়েছিল।

দক্ষিণ দিল্লির নেব সরাইতে শ্রীসিদ্ধিপীঠ চমৎকারী হনুমান মন্দিরেও ভক্তরা একই উদ্দেশ্যে আসেন। এখানে এসে অনেকেই পেঁয়াজ-রসুন, মাছ-মাংস ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেন হনুমানের চরণে। ৪১ দিন পর্যন্ত অর্থাৎ ভিসার ছাড়পত্র না মেলা পর্যন্ত তাঁরা আমিষ ও মদ্যপান না করার ব্রত নেন। মন্দিরের পুরোহিত নারায়ণ মিশ্র জানান, ভক্তদের শেষ প্রার্থনার জায়গা এটাই। সাধারণত তাঁদের সেই মনোস্কামনা পূর্ণও হয়ে থাকে।

দিল্লির কনট প্লেসের বাবা খরক সিং মার্গেও প্রাচীন হনুমান মন্দিরেও এই সঙ্কটমোচনের জন্য বহু যুবক-যুবতী আসেন। চেন্নাইয়ে শ্রীলক্ষ্মী ভিসা গণপতি মন্দিরে ধূপধুনো জ্বালিয়ে মন্ত্র পড়ে নানান আচার অনুষ্ঠান পালন করেন আমেরিকায় যেতে চাওয়া ব্যক্তিরা। এদেশ এমনিতেই ঈশ্বরভক্তের দেশ। সেখানে নানান বিষয়ে ভগবানের দরবারে হত্যে দেন লাখো লাখো মানুষ। কিন্তু, এবার সেই দেশেই মার্কিন ভিসা অনুমোদনের ক্ষমতা নিয়ে যুদ্ধ বেঁধেছে ভগবানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের 'অসুরকুলে'র।


```