
হ্যাব-১ এর ছবি
শেষ আপডেট: 1 November 2024 16:34
দ্য ওয়াল ব্যুরো: লেহতে দেশের প্রথম ‘অ্যানালগ মহাকাশ অভিযান’ শুরু করল ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, নভোচারীরা যাতে মহাকাশে সফলভাবে পৌঁছতে পারে, তার জন্যই নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। এই মিশনে মহাকাশচারীদের প্রশিক্ষণ দেওয়া হবে।
শুক্রবারই ইসরো ছবি প্রকাশ করে বিষয়টি সামনে এনেছে। এই অভিযানে হ্যাব-১ নামে একটি কম্প্যাক্ট রয়েছে। যা ভারতের মহাকাশ মিশনে বিশেষ দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে। ইসরো সূত্রে খবর, ভারতের প্রথম অ্যানালগ স্পেস মিশন লেহতে চালু হয়েছে। এটি হিউম্যান স্পেস ফ্লাইট সেন্টার, ইসরো, আকা স্পেস স্টুডিও, লাদাখ ইউনিভার্সিটি, আইআইটি বম্বে ও লাদাখ অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিল একে অপরের সঙ্গে হাত মিলিয়ে তৈরি করেছে।
এই হ্যাব-১ এর কাজ কী?
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাটির কাজই হল মহাকাশ থেকে বিভিন্ন খুঁটিনাটি তথ্য খুঁজে এনে গবেষণা করা। তবে হ্যাব-১কে তৈরি করা হয়েছে একটি বিশেষ কাজে। এটি চাঁদ মঙ্গল ও তার বাইরে বিভিন্ন মহাকাশে গবেষণা চালাবে। তারপর মূল্যবান তথ্য পাঠাবে বিজ্ঞানীদের কাছে। আর সেই নিয়েই চলবে একের পর এক গবেষণা। এক কথায় এক বিরাট মহাকাশ মিশনের পরিকল্পনা করছে ইসরো।
হ্যাব-১-এ কী কী রয়েছে?
হ্যাব-১কে দেখে একনজরে বোঝা না গেলেও সেখানে রান্নাঘর, স্যানিটেশনের মতো প্রয়োজনীয় সব সুযোগসুবিধা রয়েছে। একটি স্পেস স্টেশনে থাকাকালীন নভোচারীরা যে যে সুবিধা উপভোগ করেন তার সবটাই রয়েছে হ্যাব-১-এর ভিতর। অর্থাৎ মিশনে গিয়ে যাতে মহাকাশচারীকে সমস্যা সম্মুখীন না হতে হয়, তাই প্রশিক্ষণে সেই সবকিছুই রাখার চেষ্টা করা হয়েছে।
কেন এই মিশন পরিকল্পনা করছে ইসরো?
ইসরোর তরফে আরও জানানো হয়েছে, আগামী দিনে ভারত চাঁদে মহাকাশচারী পাঠাতে চায়। এ জন্য চাঁদ সম্পর্কিত সমস্ত খুঁটিনাটি জানা জরুরি। এছাড়াও, লাদাখের ভূতাত্ত্বিক অবস্থার সঙ্গে মঙ্গল এবং চাঁদের মিল রয়েছে। সে কারণেই মিশনের জন্য লেহকেই বেছে নেওয়া হয়েছে।
???? India’s first analog space mission kicks off in Leh! ????????✨ A collaborative effort by Human Spaceflight Centre, ISRO, AAKA Space Studio, University of Ladakh, IIT Bombay, and supported by Ladakh Autonomous Hill Development Council, this mission will simulate life in an… pic.twitter.com/LoDTHzWNq8
— ISRO (@isro) November 1, 2024
জানা যাচ্ছে, এই অভিযানে মহাকাশচারীদের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। মূলত মহাকাশ ভ্রমণের সময় সম্ভাব্য সমস্যাগুলো আগে থেকে বুঝে নেওয়া এবং তার সমাধানের জন্য এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, এটি শুধুমাত্র দেশের মহাকাশচারীদেরই শক্তিশালী করবে এমনটা নয়, ভবিষ্যতে মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের ভূমিকা বিশেষ প্রভাব ফেলবে।