
সব তথ্য খুঁটিয়ে দেখে সিদ্ধান্তে এসেছে কমিটি।
শেষ আপডেট: 15 January 2025 17:47
দ্য ওয়াল ব্যুরো: ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার আগেই কেন্দ্র গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ভারত ও আমেরিকার নিরাপত্তা নষ্টকারী এক অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপের সুপারিশ করল। ২০২৩ সালের নভেম্বরে গঠিত এই কমিটি এই দুই দেশে সংগঠিত অপরাধ দল, জঙ্গি সংগঠন, মাদক পাচার ইত্যাদি কর্মকাণ্ডে জড়িত, যা দুই দেশের নিরাপত্তা স্বার্থ বিঘ্নিত করেছে এমন ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ দিয়েছে কেন্দ্রের কাছে।
বুধবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক বিবৃতিতে কারও নাম না করে বলা হয়েছে, মার্কিন প্রশাসনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তদন্ত কমিটি নিজস্ব পদ্ধতিতে খোঁজখবর চালিয়েছে। এই তদন্তে দুই দেশ দুই তরফকে সহযোগিতা করেছে এবং পারস্পরিক দেশ সফর করেছে। এছাড়াও কমিটি দেশীয় ও মার্কিন এজেন্সিগুলির সঙ্গেও তথ্য বিনিময় করেছে এবং অনেককে জিজ্ঞাসাবাদ করেছে। সব তথ্য খুঁটিয়ে দেখে এই সিদ্ধান্তে এসেছে কমিটি।
অজ্ঞাতনামা এই ব্যক্তিকে আগেই মার্কিন প্রশাসন সিসি-ওয়ান বলে চিহ্নিত করেছিল। যে মামলার মূল অভিযোগ ছিল মার্কিন-কানাডার দ্বৈত নাগরিকত্ব থাকা খলিস্তানি জঙ্গি গুরপতওয়ান্ত সিং পান্নুনকে খতম করার চেষ্টার চক্রান্ত। সিসি-ওয়ান নামে ব্যক্তিকে পরে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বিকাশ যাদব বলে শনাক্ত করে। বিকাশ যাদব হলেন প্রাক্তন রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বা সহজ কথায় র-এর গোয়েন্দা। যদিও ভারত সরকার এই অভিযোগ অস্বীকার করে জানিয়ে দেয়, সিসি-ওয়ান তাদের কেউ নয়।
পান্নুনকে মারতে বিকাশ যাদবের বিরুদ্ধে ভাড়াটে খুনি নিয়োগ এবং এই কাজে অর্থ তছরুপের অভিযোগ তুলেছিল নিউইয়র্কের আদালত। এফবিআই সেই সময় ভারতীয় এজেন্সিগুলিও এই চক্রান্তের নেপথ্যে রয়েছে অভিযোগ জানিয়েছিল।