
আইএনএস বিক্রান্ত
শেষ আপডেট: 9 May 2025 09:16
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ু সেনার পর (Indian Air Force), নৌবাহিনীও (Indian Navy) এবার অভিযানে যোগ দিল। পাকিস্তানকে (Pakistan) সবক শেখাতে আরব সাগরে থাকা আইএনএস বিক্রান্ত (INS Vikrant) করাচিকে লক্ষ্য করে আক্রমণ শানিয়েছে। নৌবাহিনীর প্রত্যাঘাতের ফলে করাচি বন্দর-সহ গোটা শহর জুড়ে ব্যাপক উত্তেজনা।
হামলার আবহে দেশে ২৪টি বিমানবন্দর বন্ধ রাখা হল। তালিকায় রয়েছে অমৃতসর, চণ্ডীগড়, শ্রীনগর, লুধিয়ানা, ভুন্টার, কিষেণগড়, পটীয়লা, সিমলা, কাংড়া-গগ্গল, ভাতিণ্ডা, জয়সলমেঢ়, জোধপুর, বিকানেল, হলওয়ারা, পঠানকোট, জম্মু, লেহ্, মুন্দ্রা, জামনগর, হিরাসর, পোরবন্দর, কেশোড়, কান্দলা, ভূজ।
বৃহস্পতিবার রাতে একের পর এক জায়গায় হামলা চালানোর পরই তড়িঘড়ি পরিস্থিতি বুঝে বৈঠকে বসেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর সঙ্গে এ দিনের মিটিংয়ে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধান অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌ বাহিনীর প্রধান দীনেশ ত্রিপাঠী ও বায়ু সেনার প্রধান এপি সিং।
পাশাপাশি মার্কিন বিদেশ সচিব ফোনে কথা বলেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ভারতের সঙ্গে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই বার্তা দিয়েছে।
পাকিস্তান হামলা চালালেও ভারতও লাগাতার তার যোগ্য জবাব দিয়ে চলেছে। আকাশ ও স্থলপথে একযোগে হামলা চালানো হয়েছিল আগেই। এবার জলপথেও পাল্টা জবাব দিচ্ছে ভারত। লাহোর, ইসলামাবাদ, শিয়ালকোট-সহ পাকিস্তানের সাত শহরে পাল্টা মিসাইল হামলা চালাচ্ছে সেনা।