
শেষ আপডেট: 4 February 2024 15:38
দ্য ওয়াল ব্যুরো: দেশের গোপন তথ্য পাচার করছিল, এই অভিযোগে উত্তরপ্রদেশ অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড বা এটিএস এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। জানা গেছে, ওই ব্যক্তি রাশিয়ার মস্কোয় ভারতীয় দূতাবাসে কাজ করত। ধৃত ব্যক্তির নাম সত্যেন্দ্র সিওয়াল বলে জানিয়েছে এটিএস।
দীর্ঘদিন ধরেই এই ব্যক্তিকে নিয়ে সন্দেহ করছিল উত্তরপ্রদেশের এটিএস। জানা গেছে, ২০২১ সাল থেকে মস্কোয় ভারতীয় দূতাবাসে কাজ করত এই ব্যক্তি। তখন থেকেই পাকিস্তানের আইএসআই-কে ভারতের বিভিন্ন গোপন তথ্য সে পাচার করেছে বলে অভিযোগ। বিদেশ মন্ত্রক ও ভারতীয় সেনাবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সে ইতিমধ্যে পাচার করেছে বলে জানতে পেরেছে তদন্তকারীরা।
সত্যেন্দ্র উত্তরপ্রদেশের ওয়াহাপুরের শাহমহিউদ্দিনপুর গ্রামের বাসিন্দা। এটিএস তাঁকে মিরট থেকে গ্রেফতার করেছে। যদিও প্রাথমিকভাবে জেরাও সে কোনও অভিযোগ স্বীকার করেনি। পরে তদন্তকারীরা চাপ দেওয়াতে সে চরবৃত্তির অভিযোগ স্বীকার করে নেয়। এদিকে তাঁর কাছ থেকে দুটি ফোন, একটি আধার কার্ড ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।