
প্রতীকী ছবি
শেষ আপডেট: 25 November 2024 17:51
দ্য ওয়াল ব্যুরো: এ যাবৎকালের সবচেয়ে বড় অভিযানে সাফল্য পেল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। আন্দামান সাগরে মৎস্যজীবীদের ট্রলার থেকে তাঁরা উদ্ধার করল কমপক্ষে ৬ হাজার কিলো মাদক। বঙ্গোপসাগরে এখনও পর্যন্ত এত বিপুল মাদক বাজেয়াপ্ত হয়নি। এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও সূত্রের খবর।
প্রত্যেকদিনের মতোই গত ২৩ নভেম্বর উপকূলরক্ষীর বাহিনীর বিমান আন্দামান উপকূলে টহল দিচ্ছিল। সেই সময়ই আচমকা একটি ট্রলারকে দেখে তাঁদের সন্দেহ হয়। তখন সেটি ছিল পোর্ট ব্লেয়ারের থেকে ১৫০ কিমি দূরে বারেন দ্বীপের কাছে। সঙ্গে সঙ্গে উপকূলবাহিনীকে খবর দিলে সেই ট্রলারে অভিযান চালানো হয়। তাতেই উদ্ধার হয়েছে ৬ হাজার কিলো নিষিদ্ধ মাদক।
সূত্র মারফৎ জানা গেছে, ২ কেজি করে ৩ হাজার প্যাকেট মেথাফেটামাইন মাদক পাচার করা হচ্ছিল। আন্তর্জাতিক বাজারে এই মাদকের মূল্য অন্তত ১ হাজার কোটি টাকা। এই অভিযানে ৬ জন মায়ানমারের নাগরিককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ট্রলারটি পোর্ট ব্লেয়ার পাঠানো হয়েছে পরবর্তী তদন্তের জন্য। একই সঙ্গে, অভিযুক্তদের জেরা করাও শুরু করেছে পুলিশ।
অনুমান করা হচ্ছে, এত বেশি পরিমাণের মাদক পাচারের পিছনে নিশ্চয় কোন চক্র রয়েছে। এই ৬ জনের সঙ্গে আরও কারা এই চক্রে জড়িত তা জানার চেষ্টা চলছে। কোথায় এই মাদক পাচারের পরিকল্পনা ছিল সেটাও জানতে উদ্যত হয়েছে পুলিশ। মাদকের পরিমাণ দেখে ধারণা করাই যায়, ভারতের একাধিক রাজ্য তো বটেই, বিদেশেও পাচার করার লক্ষ্য ছিল।
বঙ্গোপসাগর এবং আরব সাগর থেকে মাদক উদ্ধারের ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০১৯ এবং ২০২২ সালে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছিল। তবে তার পরিমাণ এত বিপুল ছিল না।