.webp)
সিআইএসএফে বর্তমানে ৭ শতাংশ মহিলা জওয়ান আছেন।
শেষ আপডেট: 13 November 2024 17:55
দ্য ওয়াল ব্যুরো: এই প্রথম সম্পূর্ণ মহিলা জওয়ানের সিআইএসএফ ব্যাটালিয়ন গঠিত হতে চলেছে। ১০২৫ জনকে নিয়ে প্রথম মহিলা সিআইএসএফ ব্যাটালিয়ন গঠনের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। ভিআইপি নিরাপত্তা, বিমানবন্দর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ, ঐতিহাসিক, স্মৃতিসৌধ রক্ষণাবেক্ষণের কাজ ক্রমশ বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
সূত্রে জানা গিয়েছে, চলতি পুরুষ বাহিনীর অনুমোদিত সংখ্যার মধ্যেই এই মহিলা ব্যাটালিয়ন গড়ে তোলা হবে। বর্তমানে সিআইএসএফ-এ ২ লক্ষ জওয়ান নিয়োগের অনুমোদন রয়েছে। মহিলা বাহিনী গঠনের অনুমোদনের সঙ্গেই এই ব্যাটালিয়নকে সম্পূর্ণ মহিলা পরিচালিত রিজার্ভ ব্যাটালিয়ন হিসেবে গড়ে তোলার সবুজ সংকেত মিলেছে। সিনিয়র কমান্ডান্ট ব়্যাঙ্কের অফিসারের নেতৃত্বে ১০২৫ জনের এই রিজার্ভ ব্যাটালিয়ন গড়ে উঠবে।
সিআইএসএফে বর্তমানে ৭ শতাংশ মহিলা জওয়ান আছেন। যা মোট বাহিনীর এক লক্ষ ৮০ হাজার জন। বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, দ্রুত নিয়োগ, প্রশিক্ষণ এবং কোথায় নিয়োগ করা হবে, এ সমস্ত কাজ শুরু হয়ে গিয়েছে। তিনি জানান, এই বাহিনীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। ভিআইপি নিরাপত্তা, বিমানবন্দর এবং দিল্লি মেট্রো সুরক্ষার কাজে নিয়োগের জন্য এদের কমান্ডো বাহিনীর মতো তালিম দেওয়া হবে।
এই রিজার্ভ ব্যাটালিয়ন গড়ে উঠলে তা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের প্রথম মহিলা পরিচালিত মহিলাদের বাহিনী হবে। বর্তমানে সিআইএসএফে ১২টি রিজার্ভ ব্যাটালিয়ন আছে, যাতে মহিলা-পুরুষ দুই লিঙ্গেরই জওয়ান আছেন।