
ভারতীয় সেনা
শেষ আপডেট: 9 July 2024 16:34
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের কাঠুয়াতে সেনা কনভয়ে হামলায় শহিদ হয়েছেন ৫ জওয়ান। এছাড়া আরও অনেকেই আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার কড়া নিন্দা করে বড় হুঁশিয়ারি দিয়ে দিল ভারত। স্পষ্ট বলা হল, জওয়ানদের বলিদান বৃথা যাবে না।
কাঠুয়া জেলার মাছেদি এলাকা দিয়ে ভারতীয় সেনার কনভয় যাওয়ার সময়ে অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা। প্রথমে সেনা বাহিনীর গাড়ি লক্ষ্য করে আসে গ্রেনেড। এরপর এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। এতেই ঘটনাস্থলে ৫ জওয়ান শহিদ হন। ঘটনার প্রতিক্রিয়া দিয়ে দেশের প্রতিরক্ষা সচিব বলেছেন, ''৫ জন জওয়ানের বলিদান বৃথা যাবে না। গোটা দেশ তাঁদের বীরত্বের কথা মনে রাখবে সারাজীবন। আর যারা এই সন্ত্রাসের মূলে, তাদের ছেড়ে কথা বলা হবে না। ভারত এর বদলা নেবেই।''
"I express profound grief on the loss of five Bravehearts in a terrorist attack in Badnota, Kathua, and extend deepest condolences to the bereaved families" - Defence Secretary Shri @giridhararamane (1/2)@rajnathsingh @SethSanjayMP
— A. Bharat Bhushan Babu (@SpokespersonMoD) July 9, 2024
গত কয়েকদিন ধরে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা রক্ষীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। শনিবার কুলগামে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন ২ সেনা। পাল্টা ছয় জঙ্গিকে খতম করেছে জওয়ানরা। এরপর রবিবার রাজৌরিতে সেনা ক্যাম্প লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। দুটি ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কাঠুয়াতে হামলার ঘটনা ঘটেছে।
একদিকে এখন অমরনাথ যাত্রা চলছে। তার মধ্যেই জম্ম-কাশ্মীরে পরপর জঙ্গি হামলার ঘটনা আতঙ্ক বাড়িয়েছে। এদিকে অমরনাথ যাত্রা শেষ হওয়ার পরই উপত্যকায় বিধানসভা ভোট হওয়ার কথা। গত বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত জম্মু-কাশ্মীরের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সূত্রের খবর, সেই বৈঠকে বিধানসভা ভোট নিয়েই আলোচনা হয়েছে। তিনি উপত্যকার বিজেপি নেতাদের ভোটের জন্য প্রস্তুতি নিতে বলেছেন। তাই মনে করা হচ্ছে, অমরনাথ যাত্রা শেষ হলেই ভূ-স্বর্গের ভোটের দামামা বাজিয়ে দেবে নির্বাচন কমিশন।