
আরব সাগরে শুরু হয়েছে নৌ অভিযান।
শেষ আপডেট: 9 May 2025 07:48
দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের তরফে ভারতে লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টার পর এবার পাল্টা জবাবে নৌ সামরিক অভিযানে নামল ভারত (India Naval Operation)। সরকারি সূত্রের দাবি, শুক্রবার ভোররাতে আরব সাগরে পাকিস্তানের একাধিক লক্ষ্যবস্তুতে ভারতীয় নৌবাহিনী অভিযান শুরু করেছে।
পহেলগাম হামলার ৫ দিন পরে, ২৭ তারিখই আরব সাগরে যুদ্ধের মহড়া দিচ্ছিল ভারতীয় নৌসেনা। বাহিনীর একাধিক রণতরী আরব সাগরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ অনুশীলন করছিল। দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে ভারতের যুদ্ধজাহাজগুলি কতটা সক্ষম, তা ঝালিয়ে নেওয়া হয়।
নৌসেনার এক কর্তা বলেন, ‘যে কোনও পরিস্থিতির জন্য আমরা কতটা প্রস্তুত, তা প্রদর্শনের জন্য ভারতীয় নৌসেনার জাহাজগুলি মহড়ায় যোগ দিয়েছিল। মহড়া সফল হয়েছে। আমরা যে প্রস্তুত, এটা তার প্রমাণ।’
সেদিনও অবশ্য কেউ জানত না, এক সপ্তাহের মধ্যে যে বড় প্রত্যাঘাতের পরিকল্পনা করছে ভারত, এই মহড়া তারই প্রস্তুতি।
বুধবার গভীর রাতে ভারতের 'অপারেশন সিঁদুর'-এর পরে বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের বিভিন্ন অংশে ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা করে পাকিস্তান। টার্গেট করা হয়েছিল জম্মু শহর ছাড়াও আরএস পুরা, আরনিয়া, সাম্বা এবং হীরানগর অঞ্চলকে। তবে ভারতের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সমস্ত ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত হয়। পাশাপাশি রাজস্থানের জয়সলমীরে ড্রোন হামলার চেষ্টা হলে সেগুলিও ধ্বংস করা হয়।
এই পরিস্থিতিতে চণ্ডীগড়, মোহালি ও শ্রীনগরের মতো একাধিক শহরে নিরাপত্তার স্বার্থে ব্ল্যাকআউট কার্যকর করা হয়।প্রতিরক্ষা মন্ত্রক জানায়, ভারত তার সার্বভৌমত্ব রক্ষায় সম্পূর্ণভাবে প্রস্তুত এবং দেশের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর।
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার পর ভারত বুধবার মাঝরাতে শুরু করে ‘অপারেশন সিঁদুর’। পাকিস্তানের মুরিদকে ও বাহাওয়ালপুরে লস্কর-ই-তইবা ও জইশ-ই-মহম্মদের ঘাঁটি-সহ মোট ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়।
পাল্টা জবাবে পাকিস্তান বৃহস্পতিবার সকালে ভারতের ১৫টি ঘাঁটিতে হামলা চালানোর চেষ্টা করে, যদিও সফল হয়নি। ভারত সেই হামলার পাল্টা জবাবে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর হামলা চালায় এবং লাহোরের একটি গুরুত্বপূর্ণ ইউনিট ধ্বংসও করে দেয়।
সন্ধ্যায় ফের পাকিস্তান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার চেষ্টা করে। তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় সেগুলি আবারও ব্যর্থ হয়।
পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি জানান, ভারতের জবাব ছিল 'নির্দিষ্ট, মাপা এবং নিয়ন্ত্রিত।' তিনি স্পষ্ট জানান, পাকিস্তানই ২২ এপ্রিল প্রথম উত্তেজনা সৃষ্টি করেছিল। ভারত সেই ঘটনার জবাবে নির্দিষ্টভাবে জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়।