সরকারি সূত্রে জানা গিয়েছে, ৭মে পাকিস্তান অধীকৃত কাশ্মীরে নয় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই হামলার পর ভারতের অবস্থান একেবারে স্পষ্ট।

নরেন্দ্র মোদী (ছবি- দ্য ওয়াল)
শেষ আপডেট: 11 May 2025 17:48
দ্য ওয়াল ব্যুরো: ভারত-পাক সংঘর্ষবিরতি ঘোষণা হলেও এখনও থামেনি 'অপারেশন সিঁদুর।' রবিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চপর্যায়ের বৈঠকে স্পষ্ট জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, তিনি নির্দেশ দিয়েছেন, সীমান্তে পাকিস্তানের যে কোনওরকম ‘দুঃসাহসিকতার’ যোগ্য জবাব দেবে ভারত (India-Pakistan CeaseFire)।
প্রধানমন্ত্রীর বাসভবনে আয়োজিত ওই বৈঠকে এদিন উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, বায়ুসেনা প্রধান এ পি সিং, নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী এবং সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ৭মে পাকিস্তান অধীকৃত কাশ্মীরে নয় জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনা। সেই হামলার পর ভারতের অবস্থান একেবারে স্পষ্ট। পাকিস্তান গুলি চালালে ভারত পাল্টা আরও জোরালো হামলা চালাবে, পাকিস্তান থামলে ভারতও থামবে।
সূত্র বলছে, 'অপারেশন সিঁদুর' (Operation Sindoor) এখনও শেষ হয়নি। সন্ত্রাসের জবাবে ভারতের প্রতিক্রিয়ার ক্ষেত্রে এক ‘নতুন স্বাভাবিক’ (New Normal) পরিস্থিতি তৈরি হয়েছে। ভারতের সঙ্গে এখন একমাত্র যোগাযোগের চ্যানেল হিসেবে পাকিস্তানের জন্য খোলা রয়েছে ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্সের (DGMO) স্তর। অন্য কোনও বিষয়ে আলোচনার দরজা আপাতত বন্ধ।
এছাড়াও, পাকিস্তানকে কড়া বার্তা দিয়ে সরকারি সূত্র জানায়, 'সীমান্ত পেরিয়ে সন্ত্রাস ছড়ালে তার খেসারত দিতে হবে সেদেশকে। পাকিস্তান একদিকে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাবে, আর অন্যদিকে ভারতের সঙ্গে জলবণ্টন বা বাণিজ্যে সহযোগিতা পাবে—তা হবে না।' বিশেষ করে, সিন্ধু জলচুক্তিকেও এখন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত করে দেখা হচ্ছে। তাই তা স্থগিত রাখার সিদ্ধান্তেই অনড় রয়েছে দিল্লি। পাক মদতপুষ্ট সন্ত্রাস বন্ধ না হলে এই চুক্তির ভবিষ্যত নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
এই পরিস্থিতিতে এটা একদম স্পষ্ট যে সন্ত্রাসবাদ নিয়ে ভারত জিরো টলারেন্স নীতি মেনেই চলছে। 'অপারেশন সিঁদুর' শুধু প্রতিরক্ষা নয়, কূটনৈতিক ও কৌশলগত দিক থেকেও পাকিস্তানকে একাধিক বার্তা দিচ্ছে।