
প্রতীকী ছবি
শেষ আপডেট: 7 May 2025 18:02
দ্য ওয়াল ব্যুরো: অপারেশন সিঁদুরের পর সতর্ক ভারত। পাকিস্তানের তরফে আগাম প্রত্যাঘ্যাতের আশঙ্কায় দেশবাসীকে বাড়তি নিরাপত্তা দিতে দেশের বেশ কিছু বিমানবন্দর আপাতত বন্ধ করার সিদ্ধান্ত নিল দিল্লি। শ্রীনগর, লেহ, জম্মু, অমৃতসর, পাঠানকোট, চণ্ডীগড়, যোধপুর, জয়সলমীর, শিমলা, ধর্মশালা এবং জামনগর-সহ ১৮টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। বাতিল করা হয়েছে প্রায় ২০০টি ফ্লাইট।
এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে বেশি বাতিল হয়েছে ইন্ডিগোর বিমান। এই সংস্থার ১৬৫টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ইন্ডিগোর মুখপাত্র জানিয়েছেন, সরকারের নির্দেশে আকাশসীমায় নিষেধাজ্ঞার কারণে ১০ মে পর্যন্ত ১৬৫টি ইন্ডিগো ফ্লাইট বাতিল করা হয়েছে।
এয়ার ইন্ডিয়া জম্মু, শ্রীনগর, লেহ এবং অমৃতসরে ১০ মে পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে। কারণ হিসেবে তাঁদের তরফেও এই নিষেধাজ্ঞাকেই দর্শানো হয়েছে। এছাড়াও স্পাইসজেট এবং আকাসা এয়ার-সহ অন্যান্য সংস্থাগুলিও তাদের কিছু ফ্লাইট বাতিল করেছে। বিমানযাত্রীদের ফ্লাইট রিশিডিউল বা সম্পূর্ণ টাকা ফিরিয়ে দেওয়ার সুবিধা দেওয়া হয়েছে।
দিল্লি বিমানবন্দরে বাতিল হয়েছে ৩৫টি ফ্লাইট
দেশের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর, দিল্লি বিমানবন্দর থেকে ৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে। এয়ারলাইন্সের মধ্যে আমেরিকান এয়ারলাইনস এবং কাতার এয়ারওয়েজও পাকিস্তানগামী কিছু ফ্লাইট স্থগিত করেছে। কাতার এয়ারওয়েজও একই কথা জানিয়েছে।
বুধবার সকাল নাগাদ, ২৫টিরও বেশি আন্তর্জাতিক ফ্লাইট পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে নতুন পথ নিয়েছে। ফ্লাইট রাডার ২৪ অনুযায়ী, পাকিস্তান এবং ভারতের উত্তর-পশ্চিম আকাশ প্রায় ফাঁকা ছিল এবং বেশ কিছু আন্তর্জাতিক ফ্লাইট পাকিস্তান আকাশসীমা এড়িয়ে ঘুরে চলে গেছে। ডাচ বিমান সংস্থা কেএলএম এবং সিঙ্গাপুর এয়ারলাইন্সও পাক আকাশসীমা ব্যবহার না করা সিদ্ধান্ত নিয়েছে।