
প্রতীকী ছবি
শেষ আপডেট: 20 December 2024 18:38
দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর ২ হাজারের বেশি হিংসার ঘটনা ঘটেছে! শুক্রবার রাজ্যসভায় এই তথ্যই পেশ করা হয়েছে ভারতের বিদেশমন্ত্রকের তরফে। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানেও এই বছরে একাধিক সংখ্যালঘু আক্রান্ত বলে দাবি করেছে নয়াদিল্লি। পেশ করা হয়েছে সেই পরিসংখ্যানও।
রাজ্যসভায় বিদেশ মন্ত্রক জানিয়েছে, শুধু ২০২৪ সালেই বাংলাদেশে ২ হাজার ২০০টি মামলা রয়েছে সংখ্যালঘুদের ওপর অত্যাচারের। মূলত শেষ হাসিনা দেশ ছাড়ার পরের সময় থেকেই এই ঘটনা আরও বেড়েছে। একই সময়ে পাকিস্তানে ১১২টি সংখ্যালঘুদের ওপর অত্যাচারের ঘটনা রয়েছে। এই পরিপ্রেক্ষিতে নয়াদিল্লির তরফে দুই রাষ্ট্রের সরকারকে বার্তা দেওয়া হয়েছে সংখ্যালঘু নাগরিকদের সুরক্ষা দেওয়ার ব্যাপারে।
ভারত সরকারের দেওয়া তথ্য বলছে, বাংলাদেশে ২০২২ সালে হিন্দুদের ওপর আক্রমণের ৪৭টি ঘটনা ঘটেছিল। ২০২৩ সালে তা বেড়ে দাঁড়ায় ৩০২ এবং চলতি বছর (৮ ডিসেম্বর পর্যন্ত) সেই সংখ্যা হয়েছে ২ হাজার ২০০।
পাকিস্তানের বরং এই ধরনের ঘটনা কমেছে। ২০২২ সালে যে সংখ্যা ছিল ২৪১ তা ২০২৩ সালে হয় ১০৩। তবে চলতি বছর তা খানিকটা বেড়ে দাঁড়িয়েছে ১১২-তে। কেন্দ্র এও বলছে, বাংলাদেশ আর পাকিস্তান ছাড়া ভারতের আর কোনও প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা নেই।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সরগরম হয়েছে ভারত। কারণ সেখানে সংখ্যালঘুদের ওপর ব্যাপক অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। মূলত শেখ হাসিনা দেশ ছাড়ার পর বা আওয়ামী লীগের সরকারের পতনের পরই এমন হিংসার ঘটনা বেড়েছে ওপার বাংলায়। সম্প্রতি চিন্ময় কৃষ্ণ নন্দর গ্রেফতারি নিয়ে দুই বাংলায় হুলস্থূল হয়েছে।
বিজেপি সরকার ইতিমধ্যে দাবি করেছে যে, বহু সংখ্যালঘু হিন্দু এদেশে চলে আসতে চাইছেন। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে সব অভিযোগ নস্যাৎ করে দেওয়া হয়েছে। কিন্তু এখন কেন্দ্র রাজ্যসভায় যে তথ্য দিয়েছে তা স্বাভাবিকভাবেই অস্বস্তির।