
শেষ আপডেট: 26 December 2023 12:03
দ্য ওয়াল ব্যুরো: আরব সাগরের ভারতীয় উপকূলে পরপর দুটি বাণিজ্যিক জাহাজে হামলার পরে নজরদারি আরও বাড়াচ্ছে ভারত। ইতিমধ্যেই তিনটি যুদ্ধজাহাজ ও একটি নজরদারি জাহাজ মোতায়েন করা হয়েছে আরব সাগরে। ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, সম্ভাব্য হামলা মোকাবিলায় ইতিমধ্যেই তিনটি যুদ্ধজাহাজ আরব সাগরে পাঠানো হয়েছে।
আরব সাগরে এখন পাহারা দেবে আইএনএস মরমুগাও, আইএনএস কোচি এবং আইএনএস কলকাতা। ভারতীয় নৌসেনা বিবৃতি দিয়ে জানিয়েছে, তিনটি যুদ্ধজাহাজ ও একটি নজরদারি জাহাজ পুরো এলাকার তদারকি করছে। সব পরিস্থিতির জন্য তৈরি আছে নৌবাহিনী।
গত শনিবার লাইবেরিয়ার পতাকা লাগানো এমভি চিম প্লুটো নামের একটি বাণিজ্যিক জাহাজে হামলা চালানো হয়। ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এই হামলা চালাতে পারে। এর আগে লোহিত সাগরে ইরানের সশস্ত্র হুথি গোষ্ঠী কিছু জাহাজে হামলা চালায়। এই ঘটনায় ইজরায়েল-হামাস যুদ্ধের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। ইজরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর থেকেই লোহিত সাগরে ইজরায়েলি কোনও বাণিজ্যিক জাহাজ দেখা গেলেই তার উপর হামলা হচ্ছে। এর আগেও লোহিত সাগরে একটি ইজরায়েলি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছিল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এই সংগঠন হুঁশিয়ারি দিয়ে বলেছিল, ইজরায়েল-হামাস যুদ্ধে তারা হামাসের পক্ষে। সবসময়েই প্যালেস্তাইনকে সমর্থন করবে। গাজায় ইজরায়েলি আগ্রাসনের বিরোধিতা করতেই তারা ইজরায়েলি যে কোনও জাহাজেই হামলা চালাবে।
এই পরিস্থিতিতে ওই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জলপথে ভারতের সঙ্গে বাণিজ্যিক যোগাযোগ আছে এমন যে কোনও জাহাজের উপরেই যখন তখন হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওয়াশিংটন এই ব্যাপারে সতর্কবার্তাও দিয়েছে। তাই ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্রীয় সরকার। যদিও ইরানের তরফে এই হামলার কথা অস্বীকার করা হয়েছে। তবুও আরব সাগরে নিরাপত্তা কয়েকগুণ বাড়াচ্ছে ভারত।