
শেষ আপডেট: 6 May 2025 15:46
দ্য ওয়াল ব্যুরো: 'পাকিস্তানে নয়', কোথায় হামলা চালাতে পারে ভারত (India), সেই আভাস পেলেন পাক (Pakistan) প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ (Khawaja Asif)। ভারত যে কোনও মুহূর্তে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর সামরিক হামলা চালাতে পারে বলে দাবি তাঁর।
পহেলগমে নৃশংস জঙ্গি (Pahalgam Attack) হামলায় নিহত হয়েছেন ২৬ জন। তার পর থেকেই পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনার পরিবেশ তৈরি হয়েছে। দুই দেশই একাধিক পদক্ষেপ নিয়েছে। এমন পরিস্থিতিতে খাজা আসিফ বারবার দাবি করে এসেছেন যে ভারত হামলা করতে চলেছে পাকিস্তানে।
পাক অধিকৃত কাশ্মীরকে পাকিস্তানের অঙ্গ হিসেবে মনে করে না ভারত। জম্মুর অখনুর সেক্টর থেকে পাকিস্তানের সঙ্গে শুরু হচ্ছে ভারতের আন্তর্জাতিক সীমান্ত। খাজা আসিফ জানাচ্ছেন, তিনি খবর পেয়েছেন এলওসি বরাবর যে কোনও পয়েন্টে হামলা চালাতে পারে ভারত।
সোমবার বেলুচিস্তানের একটি অনুষ্ঠান থেকে পাকিস্তানের সেনা প্রধানের (Pakistan Army chief) হুঁশিয়ারি, "পাকিস্তান আঞ্চলিক শান্তি চায়, কিন্তু আত্মরক্ষা করতে দ্বিধা করবে না। ভারত হামলা করতে এলে পূর্ণ সামরিক শক্তি দিয়ে জবাব দেওয়া হবে।"
উল্লেখ্য, গত ২২ এপ্রিলের হামলার পর থেকে ভারত সরকার প্রত্যাঘাতের কথা জানিয়ে আসছে। পূর্ণাঙ্গ যুদ্ধ ঘোষণা করা হবে নাকি জঙ্গি শিবির ভেঙে দিতে পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইক করা হবে তা এখনও স্পষ্ট নয়। তবে ভারত যে বসে নেই, ইতিমধ্যে তার একাধিক ছবিও সামনে এসেছে।
তাৎপর্যপূর্ণভাবে কাশ্মীরে জঙ্গি হানার পর সোমবার প্রথম লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জরুরি বৈঠকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ধেবেলা পিএমওতে আসেন রাহুল। সেই বৈঠকে হাজির হন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও। পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, ভারত 'ধীরে চলো' নীতি মেনেই সবমিলিয়ে প্রত্যাঘাতের চূড়ান্ত প্রস্তুতি চালাচ্ছে।