
এই পরিকল্পিত হত্যাকাণ্ডকে সংগঠিত নির্যাতন বলে ক্ষোভপ্রকাশ করা হয়েছে।
শেষ আপডেট: 19 April 2025 15:37
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশচন্দ্র রায়কে নৃশংসভাবে খুনের তীব্র নিন্দা করল ভারত। শনিবার দুপুরে ভারতের পক্ষ থেকে এই পরিকল্পিত হত্যাকাণ্ডকে সংগঠিত নির্যাতন বলে ক্ষোভপ্রকাশ করা হয়েছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্সবার্তায় বলেছেন, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু নেতা ভবেশচন্দ্র রায়কে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুনের ঘটনায় আমরা মর্মাহত। এই খুন হিন্দুদের উপর একটি সংগঠিত নিপীড়নের ধাঁচে হয়েছে।
স্থানীয় সূত্রের খবর, নিহত নেতার নাম ভবেশচন্দ্র রায় (৫৮)। বাড়ি দিনাজপুরের বাসুদেবপুর গ্রামে। তিনি বিরল শাখার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ছিলেন। বৃহস্পতিবার রাতে তাঁর দেহ উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, একটি খুনের মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তবে বৃহস্পতিবারের এ ঘটনায় এখনও কেউ গ্রেফতার না হওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে ফের প্রশ্ন তোলা হচ্ছে বিভিন্ন মহল থেকে।
নিহত ভবেশচন্দ্র রায়ের স্ত্রী স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে স্বামীর মোবাইলে একটি ফোন আসে। অপর প্রান্ত থেকে জানতে চাওয়া হয় ভবেশচন্দ্র বাড়িতে আছেন কিনা। তাঁর কথায়, "স্বামী বলেছিল, হ্যাঁ বাড়িতে আসি। তার কিছুপরেই কয়েকজন বাইকে করে এসে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে যায়। রাতে ওর ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায়।" হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
অপহরণ করে খুনের ঘটনার নিন্দায় বিদেশ মন্ত্রক আরও বলেছে, মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের আমলেই সংগঠিত হিন্দু নির্যাতনের এটি আরও একটি দৃষ্টান্ত। যেখানে আগের অপরাধীরা এখনও সেদেশে শাস্তি ছাড়াই অবাধে ঘুরে বেড়াচ্ছে। আমরা ফের একবার এই হত্যাকাণ্ডের নিন্দা করছি। আমরা ফের একবার অন্তর্বর্তী সরকারকে মনে করিয়ে দিতে চাই, হিন্দু সহ সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব নিন। কোনও অজুহাত অথবা ভিন্নচোখো নীতি গ্রহণ ভারত মেনে নেবে না, বলেছেন জয়সওয়াল।