.jpeg)
ফাইল ছবি।
শেষ আপডেট: 1 May 2025 19:40
দ্য ওয়াল ব্যুরো: গত বৃহস্পতিবার ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছিল পাকিস্তান (Pakistan)। এবার পাল্টা পদক্ষেপ করল ভারতও (India)। পাকিস্তানি বিমানের জন্য আগামী ২৪মে পর্যন্ত বন্ধ করা হল ভারতের আকাশসীমা (Air Space)।
বিজ্ঞপ্তি পরিষ্কারভাবে জানানো হয়েছে, পাকিস্তানের যাত্রীবাহী বা সামরিক কোনও বিমান ভারতের আকাশসীমায় প্রবেশ করতে পারবে না।
জম্মু ও কাশ্মীরের পহেলগামে (Pahalgam Attack) পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন। দেশজুড়ে এই ঘটনার নিন্দা ও ক্ষোভের আবহে আগেই পাকিস্তানের (Pakistan) নাগরিকদের ভিসা বাতিল, সিন্ধু জল চুক্তি স্থগিত, এবং আটারি সীমান্ত বন্ধের মতো নানা পদক্ষেপ করেছে। এবার পাকিস্তানের বিমানের জন্য আকাশসীমা (Air Space) বন্ধ করা হল।
এর ফলে পাক উড়ানগুলির সময় যেমন বেশি লাগবে, তেমনই বিমান চলাচলের খরচও বাড়বে। শুধু যে আকাশসীমা তাই নয়, সরকারি আধিকারিকদের সূত্র বলছে, ভারতীয় বন্দরগুলিতেও পাকিস্তানি জাহাজের উপর নিষেধাজ্ঞা জারির বিবেচনাও করা হচ্ছে।
অন্যদিকে, জম্মু-কাশ্মীরে আবারও জঙ্গিহানার আশঙ্কায় তড়িঘড়ি কাশ্মীরের ৪৮টি পর্যটন কেন্দ্র বন্ধ করে দিয়েছে সেই রাজ্যের সরকার। সংবাদমাধ্যম সূত্রে খবর, ঝুঁকি এড়াতে কাশ্মীরের মোট ৮৭টি পর্যটনস্থলের মধ্যে ৪৮টি-ই সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার থেকে বন্ধ রয়েছে ইউসমার্গ, তৌসিময়দান, দুধপাথরি, আহরবাল, কাউসারনাগ, বাঙ্গুস, চান্দিগাম, উলার, রামপোরা প্রভৃতি এলাকা। সরকারি এক কর্তা জানিয়েছেন, গুলমার্গ, সোনমার্গ, ডাল লেক-সহ অন্য যে সব পর্যটনকেন্দ্র খোলা রয়েছে, সেগুলিতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।