
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 9 July 2024 11:34
দ্য ওয়াল ব্যুরো: লোকসভা ভোটের পর আগামিকাল, বুধবার ফের সম্মুখ সমরে নামতে চলেছে ইন্ডিয়া বনাম এনডিএ জোট। রাজনীতির ময়দানে পশ্চিমবঙ্গসহ ৭ রাজ্যের ১৩ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ডার্বিতে ফের সম্মানরক্ষার অগ্নিপরীক্ষায় নামতে চলেছে শাসক ও বিরোধী জোট।
লোকসভা ভোটে ভয়ঙ্কর লড়াইয়ের পরেও বিজেপি এককভাবে তেমন কোনও দাঁত ফোটাতে পারেনি। তুলনায় বিরোধী ইন্ডিয়া জোট শরিকরা বিভিন্ন রাজ্যে উল্লেখযোগ্য ফল করেছে। যার মধ্যে বাংলা রয়েছে প্রথম সারিতে। সেই লড়াইয়ের পরপরই এনিয়ে দ্বিতীয়বার ষাঁড়ের লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে নির্বাচনী ময়দান।
পশ্চিমবঙ্গের রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা ছাড়াও বিহারের রুপৌলি, তামিনলাড়ুর বিক্রাবান্দি, মধ্যপ্রদেশের অমরওয়ারা, উত্তরাখণ্ডের বদ্রীনাথ ও মঙ্গলৌর, পাঞ্জাবের জলন্ধর পশ্চিম এবং হিমাচল প্রদেশের দেহরা, হামিরপুর ও নালাগড় বিধানসভা উপনির্বাচন হচ্ছে। ভোটগণনা ও ফলঘোষণা হবে আগামী ১৩ জুলাই।
প্রার্থীর মৃত্যু নয়তো বিধায়কদের পদত্যাগের কারণে এই আসনগুলি খালি হয়েছিল। যেমন বাংলার চারটি আসনের মধ্যে তিনটিতে বিজেপি বিধায়করা শাসক তৃণমূলে যোগ দিয়েছেন। এই আসনগুলি হল রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা। মানিকতলার কেন্দ্রে বর্ষীয়ান নেতা সাধন পাণ্ডের মৃত্যুতে ২০২২ সাল থেকে শূন্য পড়েছিল। এখানে তাঁর বিরোধী প্রার্থী বিজেপির কল্যাণ চৌবে।
অন্যদিকে, রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাসের জায়গায় মতুয়াদের মধ্যে প্রভাব রয়েছে এমন প্রার্থী টিএমসির রাজ্যসভা সদস্য মমতাবালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরকে প্রার্থী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি তাঁর বিরুদ্ধে মতুয়া সম্প্রদায়েরই বিনয়কুমার বিশ্বাসকে প্রার্থী করেছে। রানাঘাট দক্ষিণে লোকসভা ভোটের ঠিক মুখে বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী তৃণমূলে যোগ দেন। লোকসভা ভোটে বিজেপির জগন্নাথ সরকারের কাছে হেরে যাওয়ার পর তাঁকেই ফের বিধানসভায় দাঁড় করিয়েছেন তৃণমূল নেত্রী। তাঁর বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে মনোজকুমার বিশ্বাসকে। এই কেন্দ্রটিতেও মতুয়া ভোট প্রচুর।