
প্রতীকী ছবি
শেষ আপডেট: 18 November 2024 12:26
দ্য ওয়াল ব্যুরো: হাতে গোনা আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই মহারাষ্ট্র বিধানসভার ভাগ্য নির্ধারণে হবে ভোটাভুটি। কিন্তু ভোটের মুখে আজব দাবি তুলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন এক নির্দল প্রার্থী। নির্বাচন কমিশনের কাছে তাঁর দাবি পোলিং বুথে যেন চপ্পল নিষিদ্ধ করা হয়।
কেন এমন আবদার?
মহারাষ্ট্রের পরান্দা বিধানসভা কেন্দ্রের প্রতিটি বুথে ব্যান করতে হবে হাওয়াই চটি। কোনও পোলিং বুথের ২০০ মিটারের মধ্যে কেউ যাতে চপ্পল পরতে না পারেন নির্বাচন কমিশনের কাছে এমনই অভিযোগ জানিয়েছেন নির্দল প্রার্থী গুরুদাস সাম্ভাজি কাম্বলে।
কমিশনের কাছে তাঁর আর্জি বুথের মধ্যে ভোটার এবং ভোট কর্মীদের পায়ে চপ্পল থাকলে তা আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করবে। কারণ এই প্রতীকেই ভোটে লড়ছেন তিনি। সে কারণেই পোলিং স্টেশনে হাওয়াই চটি একেবারেই নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন কাম্বলে।
জাতীয় নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, ভোট চলাকালীন যে কোনও রাজনৈতিক দলের প্রতীক ব্যবহার করা মানে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা। সে বিষয়টি মাথায় রেখেই যাতে ভোটের দিন কোনওভাবেই সমস্যা না হয় তাই আগেভাগে কমিশনকে চিঠি লিখে এমন আবদার জানিয়েছেন তিনি।
তবে পরান্দার রিটার্নিং অফিসার নির্দল প্রার্থীর আর্জি খারিজ করে জানিয়ে দিয়েছেন, হাওয়াই চটি সাধারণ মানুষের কাছে অত্যন্ত প্রয়োজনীয় একটি বস্তু। তাই সেটিকে কোনওভাবেই নিষিদ্ধ করা সম্ভব নয়। কিন্তু ছাড়ার পাত্র নয় নির্দল প্রার্থীও। কমিশন ফয়সালা করতে না পারলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গুরুদাস সাম্ভাজি কাম্বলে।