
১৮ লাখ আয়কর ফাঁকি দিয়েছেন গাজিয়াবাদের পুরী-সবজি বিক্রেতা
শেষ আপডেট: 1 June 2024 11:49
দ্য ওয়াল ব্যুরো: আয়কর ফাঁকি দেওয়া এখন কঠিন, এই তথ্য নতুন নয়। কম্পিউটার সফটওয়্যার কাজে লাগিয়ে আয়করের হিসাব কষা শুরু হয়েছে অনেক দিন হল। তবে দিল্লি লাগোয়া উত্তর প্রদেশের গাজিয়াবাদের এক পুরী-সবজি বিক্রেতার কর ফাঁকি ধরা পড়ার উপায় জানার খবর অনেককেই অবাক করে দিয়েছে।
শুক্রবার আয়কর দফতর সায়নজি পুরীওয়ালা গাজিয়াবাদ -এর মালিককে ১৭ লাখ ৮০ হাজার টাকার আয়কর নোটিস ধরিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তাঁকে ওই টাকা আয়কর বাবদ জমা করতে বলা হয়েছে।
জানা গিয়েছে, ওই পুরী-সবজি বিক্রেতা যে বিপুল পরিমাণ আয়কর ফাঁকি দিয়ে চলেছেন তা আয়কর বিভাগকে জানিয়েছিল জিএসটি বিভাগ।
সুত্রের খবর, জিএসটি বিভাগ ওই পুরী-সবজি বিক্রেতার উপর নজর রাখছিল। তাদের সন্দেহ হয়েছিল, ওই বিক্রতা জিএসটি ফাঁকি দিচ্ছেন। তারা দোকানের অদূরে এআই চালিত ছোট রোবট বসিয়ে রেখেছিল। রোবট প্রতিদিনের বিক্রি সংক্রান্ত তথ্য জিএসটির আঞ্চলিক সদর দফতরে পাঠায়। যা বিশ্লেষণ করে দোকানের বিক্রির অঙ্কের একটি ধারণা পাওয়া যায়, ব্যবসায়ীর দেওয়া তথ্যের সঙ্গে যার মিল নেই।
সেই তথ্য আয়কর দফতরকেও দেয় জিএসটি কর্তৃপক্ষ। আয়কর দফতর তথ্য বিশ্লষণ করে জানতে পারে বিগত কয়েক বছরে ওই ব্যবসায়ী প্রায় আঠারো লাখ টাকা কর ফাঁকি দিয়েছেন।