
প্রতীকী ছবি
শেষ আপডেট: 23 November 2024 14:20
দ্য ওয়াল ব্যুরো: খিদের জ্বালায় শস্যর গুদামে হানা দিয়েছিল বাঁদরের দল। এক নিমেষেই প্রাণ গেল তাদের। বিষাক্ত গন্ধে মৃত্যু হল ১৪৫টি বাঁদরের!
উত্তরপ্রদেশের হাথরসে ঘটেছে এই ঘটনা। মৃতদেহগুলি দেখে কয়েকজন সেগুলি সকলের অজান্তেই মাটিতে পুঁতে দিয়েছিলেন। দেহগুলি পরে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
হাথরসের কালওয়ারি রোডের এফসিআই গুদামে হানা দিয়েছিল বাঁদরের দল। গুদামের ভিতরে প্রচুর বস্তা গম রাখা ছিল। ভাঙা একটি জানলা গিয়ে তারা ভিতরে ঢোকে। কিন্তু ঢোকার পরই কয়েক মুহূর্তের মধ্যে মৃত্যু হয় বাঁদরগুলির। কারণ পোকামাকড় যাতে হয় সে কারণ বস্তাগুলির মধ্যে কীটনাশক অ্যালুমিনিয়াম ফসফাইড স্প্রে করা হয়েছিল। সেটির গন্ধ মারাত্মক বিষাক্ত। তা শুঁকেই বাঁদরগুলির মৃত্যু হয়।
এক স্থানীয় বাসিন্দা পুলিশকে জানিয়েছিলেন, বাঁদরগুলিকে তিনি ভিতরে ঢুকতে দেখেছিলেন কিন্তু আর বেরতে দেখেননি। পরে তিনি খবর পান তারা প্রত্যেকে মারা গেছে। অভিযোগ ছিল, কয়েকজন গুদাম চত্বরেই ওই বাঁদরগুলির মৃতদেহ পুঁতে দিয়েছে। সেই প্রেক্ষিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১৪৫টি বাঁদরের দেহ উদ্ধার করে পুলিশ। তাঁদের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে এফসিআই কর্তৃপক্ষও।
এতগুলি বাঁদরের একসঙ্গে মৃত্যুর ঘটনায় হাথরাসে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, গুদাম কর্তৃপক্ষও বিষয়টি চেপে গেছিল। থানায় অভিযোগ দায়ের হলেও আপাতত কাউকে এই ঘটনায় গ্রেফতার করা হয়নি।