
শেষ আপডেট: 9 December 2023 23:25
দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে ১৬৬টিতেই জিতেছে বিজেপি। শিবরাজ সিং চৌহান ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী। ভোটে জিতলে তাঁকেই যে ফের মুখ্যমন্ত্রী প্রার্থী করা হবে সে কথা আগে বিজেপি বলেনি। আবার ফলাফল প্রকাশের পর ৭ দিন কেটে গেলেও পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন তাও ঘোষণা করতে পারেনি বিজেপি। এই সাত সতেরোর মধ্যেই শনিবার সন্ধ্যায় সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন শিবরাজ সিং চৌহান। তাতে লেখা ‘রাম রাম’। তার পরই জল্পনা যেন দাবানলের মতো ছড়িয়েছে।
सभी को राम-राम... pic.twitter.com/QpaOxpZyMk
— Office of Shivraj (@OfficeofSSC) December 9, 2023
হিন্দিবলয়ে কাউকে সমর্থনের জন্য যেমন রাম রাম বলা হয়। তেমনই বিদায় নেওয়ার সময়েও বলা হয় ‘রাম রাম’। শিবরাজের পোস্ট ঘিরে সেই কারণেই জল্পনা বাড়ছে। তা ছাড়া এবার শিবরাজকে প্রোজেক্ট করে বিজেপি ভোটে লড়েনি। বরং শিবরাজ নিজের বিপণন নিজেই করেছিলেন। আর জেপি নাড্ডারা দিল্লিকে থেকে এক কেন্দ্রীয় মন্ত্রীকে পাঠিয়ে প্রার্থী করা থেকে শুরু করে গোটা প্রচারটাই করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখকে সামনে রেখে।
শিবরাজের পোস্ট ঘিরে জল্পনা ছড়ানোর পর এদিন বিজেপি সূত্রে বলা হয়, এ ব্যাপারে জল্পনা বৃথা। সোমবার বিকেলে বিধায়ক দলের বৈঠক ডাকা হয়েছে। সেখানেই সর্বসম্মত ভাবে পরিষদীয় দলের নেতা নির্বাচন করা হবে। পরিষদীয় দলের ওই বৈঠকের জন্য হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে পর্যবেক্ষক করে পাঠাচ্ছেন জেপি নাড্ডারা। খট্টরের সঙ্গে থাকবেন কে লক্ষণ ও আশা লাকরা।
জাতীয় দলে সাধারণত দেখা যায় পরিষদীয় দলের বৈঠকে কিছুই হয় না। সর্বসম্মত ভাবে কেন্দ্রীয় নেতৃত্বের হাতেই নেতা বাছাইয়ের ভার ছেড়ে দেওয়া হয়। মধ্যপ্রদেশে কী অপেক্ষা করে রয়েছে তা স্পষ্ট নয়। তবে এই বিপুল জয়ের পরও শিবরাজের পরিবর্তে অন্য কাউকে মুখ্যমন্ত্রী করলে পরিবারে সুখের পরিবেশ থাকবে তা নিশ্চিত করে বলাও যাচ্ছে না।