
শেষ আপডেট: 16 February 2024 17:26
দ্য ওয়াল ব্যুরো: কেন্দ্রের সঙ্গে আলোচনার মাঝেই ফের দিল্লি-হরিয়ানা সীমান্তে আন্দোলনরত কৃষকদের উপর কাঁদানে গ্যাস প্রয়োগ করল হরিয়ানার পুলিশ। শুক্রবার বিকালে কৃষকদের উপর পনেরো মিনিট ধরে টিয়ার গ্যাস প্রয়োগ করে পুলিশ।
ঘটনাস্থল সেই শাম্ভু সীমান্ত। পাঞ্জাব ও হরিয়ানা সীমান্তে অবস্থিত ওই এলাকা দিয়ে আন্দোলনরত কৃষকেরা দিল্লি ঢোকার চেষ্টা চালাচ্ছে। গত চারদিন ধরে সেখানেই বসে আছেন কয়েক হাজার কৃষক। চারদিনে দ্বিতীয়বার কাঁদানে গ্যাস প্রয়োগ করে কৃষকের ছত্রভঙ্গ করার চেষ্টা করল হরিয়ানা পুলিশ। যদিও শুক্রবারও তারা সফল হয়নি। কৃষকরা শাম্ভু সীমান্তে বসে আছেন।
এদিকে শুক্রবার সকালে সেখানেই পাঞ্জাবের এক প্রবীণ কৃষক মারা যান। পুলিশ জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। পুলিশ-কৃষক সংঘর্ষের সঙ্গে এই মৃত্যুর যোগ নেই।
বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত তিন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুন্ডা, পীযুষ গোয়েল এবং নিত্যানন্দ রাইয়ের সঙ্গে পাঁচ ঘণ্টা বৈঠক হয় কৃষক সংগঠনগুলির। বৈঠকে হাজির ছিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত মান। কৃষকদের উপর হরিয়ানা পুলিশের কাঁদানে গ্যাস প্রয়োগের নিন্দায় সরব হন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীদের অনুরোধ করেন, হরিয়ানা পুলিশকে সংযত হতে বলুক কেন্দ্র।
কৃষক আন্দোলন দমনে প্রথম থেকেই মারমুখী বিজেপি শাসিত হরিয়ানা সরকারের পুলিশ। আগের দিন ড্রোন থেকে গ্যাস প্রয়োগ করে তারা। তাতে ৬০-৭০ জন কৃষক অসুস্থ হয়ে পড়েন। আন্দোলকারীদের অনেকেই প্রবীণ নাগরিক। পুলিশ মারমুখী হলে তারাই সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন। বৃহস্পতিবারের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রীদের এই বিষয়টিও বিবেচনা করার আর্জি জানান পাঞ্জাবের আপ সরকারের মুখ্যমন্ত্রী মান।
সেই বৈঠকের কয়েক ঘন্টার মাথায় ফের গ্যাস প্রয়োগ করে হরিয়ানা পুলিশ। ঘটনাস্থলে পাঞ্জাব পুলিশ থাকলেও তারা কোনও কঠোর পদক্ষেপ করছে না।