
শেষ আপডেট: 23 February 2024 15:57
দ্য ওয়াল ব্যুরো: ১৩ মার্চের পরেই ঘোষণা হয়ে যাবে লোকসভা ভোটের নির্ঘণ্ট। ভারতের নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, তার আগে নির্বাচন কমিশনাররা রাজ্য সফর সেরে ফেলবেন। সেখানের বিভিন্ন রাজ্যের ভোট প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবেন তাঁরা। ১৩ মার্চের মধ্যেই সেই সফর শেষ হয়ে যাবে, ফলে তারপরেই ঘোষণা হবে ২০২৪ সালের লোকসভা ভোটের দিনক্ষণ।
কেন্দ্রীয় নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আধিকারিকরা এখন তামিলনাড়ুতে রয়েছেন। এরপর উত্তরপ্রদেশ, জম্মু-কাশ্মীরে যাবেন তাঁরা। ১৩ মার্চের মধ্যে শেষ হবে তাঁদের রাজ্য সফর। গত কয়েকমাস ধরে মুখ্য নির্বাচনী অফিসারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কথা চালিয়ে যাচ্ছে কমিশন।
বিশেষত পশ্চিমবঙ্গ নিয়ে কমিশন খুবই ভাবনায় রয়েছে। কারণ দীর্ঘদিন ধরে বাংলায় দুর্নীতি সংক্রান্ত মামলা-মোকদ্দমা, জনবিক্ষোভ, খুনোখুনি ও সম্প্রতি সন্দেশখালির ঘটনায় নিরাপত্তা নিয়ে চিন্তিত কমিশন। ফলে এ রাজ্যে ক'দফায় ভোটগ্রহণ হবে তা নিয়েও আলোচনা চলছে।
মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণার সম্ভাবনা থাকায় তার আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য সফরগুলি সেরে ফেলবেন। যেমন, শুক্রবারই তিনি নিজের কেন্দ্র বারাণসীতে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প ঘোষণা করেছেন। কয়েকদিন পরেই আসছেন বারাসতে। ফলে, ভোট ঘোষণার আগেই ভোটারদের মন জয় করতে জোর প্রচারে নেমে পড়েছেন মোদী।