.webp)
প্রতীকী চিত্র
শেষ আপডেট: 24 May 2024 15:24
দ্য ওয়াল ব্যুরো: ভোটের বাজারে রাজধানী কার দখলে থাকবে, তা ঠিক হতে চলেছে আগামিকাল, ২৫ মে, শনিবার। দেশে যত ভোটই হোক না কেন, রাজধানী দখলে রাখাটাই গুরুত্বপূর্ণ লড়াই। কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে মর্যাদার প্রশ্ন। সেই রাজনৈতিক স্নায়ুযুদ্ধের মধ্যেই পাল্লা দিয়ে বাড়ছে দিল্লি ও সন্নিহিত এলাকার তাপমাত্রা। আবহাওয়া দফতরের অনুমান শনিবার দিল্লির তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁতে পারে। ফলে চড়া রোদ, তাপপ্রবাহের মধ্যে ভোটের লাইনে কেমন ভিড় হবে, তা নিয়ে আশঙ্কার মেঘ ঘনিয়েছে দলগুলির মধ্যে।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশে থাকবে। এবং সর্বোচ্চ তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁতে পারে। ২৫-২৭ মে পর্যন্ত কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।
এদিকে, আবহাওয়া অনুকূল থাক বা প্রতিকূল, দিল্লির ভোট নিয়ে উৎসাহের অন্ত নেই রেস্তরাঁ এবং খাবারের দোকানগুলির। জামা মসজিদ, চাঁদনি চক এবং দিল্লি গেটের অনেক দোকান ইতিমধ্যেই সেরা ডিসকাউন্টের অফার ছেড়েছে। ন্যাশনাল রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া ২০ শতাংশ ডিসকাউন্টের কথা ঘোষণা করেছে। ম্যাকডোনাল্ড জানিয়েছে, ভোটদান করে বেরিয়ে নিকটবর্তী দোকানে গিয়ে চিকেন অথবা ভেজ সারপ্রাইজ বার্গার অর্ডার দিলেই বিনামূল্যে একটি করে পানীয় বা ডেজার্ট দেওয়া হবে।
দ্বারকার কাছে দিল্লির বিখ্যাত ব়্যাডিসন ব্লু হোটেলে ভোটদাতারা দুপুরের বুফেতে ৫০ শতাংশ এবং নৈশভোজে ৩০ শতাংশ ছাড় পাবেন। ভোটের আঙুলের কালি দেখাতে পারলে বিশেষ ছাড় মিলবে সিলেক্ট সিটি ওয়াক মলেও। ফলে এইসব আকর্ষণীয় ছাড়ের প্রভাব তাপপ্রবাহকে হার মানাতে পারে কিনা তা বোঝা যাবে আর ২৪ ঘণ্টার মধ্যেই।
দিল্লিতে শনিবার ভোট হবে মোট ৭টি লোকসভা কেন্দ্রে। চাঁদনি চকে বিজেপি প্রার্থী প্রবীণ খান্ডেরওয়ালের বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের জয়প্রকাশ আগরওয়াল। উত্তর-পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী মনোজ তিওয়ারিকে কঠিন লড়াই দিতে পারেন কংগ্রেসের কানহাইয়া কুমার। পূর্ব দিল্লির বিজেপি প্রার্থী হলেন হর্ষ মালহোত্র, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আম আদমি পার্টির কুলদীপ কুমার। মর্যাদাপূর্ণ কেন্দ্র নয়াদিল্লির বিজেপি প্রার্থী হলেন প্রাক্তন নেত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী বাঁশরী স্বরাজ। তাঁর বিরুদ্ধে রয়েছেন আপের সোমনাথ ভারতী।
উত্তর-পশ্চিম দিল্লির বিজেপি প্রার্থী যোগেন্দ্র চান্ডোলিয়া। বিরুদ্ধে রয়েছেন কংগ্রেসের উদিত রাজ। পশ্চিম দিল্লিতে কমলজিৎ সেহরাওয়াত বিজেপির টিকিটে লড়ছেন। তাঁর বিরুদ্ধে আপের আপ প্রার্থী হয়েছেন মহাবল মিশ্র। দক্ষিণ দিল্লিতে বিজেপি নেতা রামবীর সিং বিধুরির বিরুদ্ধে আপ প্রার্থী সাহিরাম পালোয়ান।