
বৈঠকে অমিত শাহ, রেখা গুপ্ত-সহ অন্যান্যরা
শেষ আপডেট: 28 February 2025 19:44
দ্য ওয়াল ব্যুরো: অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে যখন আপ সরকার ছিল তখন এ ধরনের কোনও সমন্বয় বৈঠকের নজির নেই। শুক্রবার দিল্লিতে সেটাই হল। রাজধানীতে সরকার (Delhi Government) গঠনের পরপরই আইন-শৃঙ্খলা (Law and Order) নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে বসলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।
দিল্লি সরকার এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশের কাজের মধ্যে যাতে সমন্বয় থাকে তার উপরই জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। হঠাৎ কেন এহেন বৈঠক? পর্যবেক্ষকদের অনেকে মনে করছেন বাংলাদেশ নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছে দিল্লি। সীমান্তেও যথেষ্ট নজরদারি বেড়েছে।
দিল্লির ভোটের আগে রাজধানী জুড়ে বাংলাদেশি চিহ্নিতকরণ অভিযানে নেমেছিল দিল্লি পুলিশ। এদিনের বৈঠকেও সেই ইস্যু নিয়ে আলোচনা হয়। অন্দরের খবর, বৈঠকেই ঠিক হয়েছে রাজধানীর আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারী চিহ্নিত করে দিল্লি সরকার এবং দিল্লি পুলিশ যৌথভাবে কাজ করবে।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভি কে সক্সেনা-সহ দিল্লি সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রকের আধিকারিকরা।
সূত্রের খবর, রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাজে যাতে সমন্বয় থাকে তাই এহেন বৈঠক এরপর থেকে প্রায়ই হবে। ধারাবাহিকভাবে বিশেষ জোর দেওয়া হবে রাজধানীতে বিদেশি অবৈধ বসবাসকারীদের চিহ্নিতকরণের কাজে। তবে শুধু দিল্লি নয়, সম্প্রতি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর সরকারের সঙ্গেও এ ধরনের সমন্বয় বৈঠক করেছেন অমিত শাহ।