
আইআইটি গুয়াহাটিতে ছাত্রমৃত্যুর প্রতিবাদ।
শেষ আপডেট: 10 September 2024 08:23
দ্য ওয়াল ব্যুরো: ফের আইআইটি গুয়াহাটির হোস্টেল থেকে উদ্ধার হল ছাত্রের মৃতদেহ। এই নিয়ে এই বছরে চারটি এমন মর্মান্তিক ঘটনা ঘটল আইআইটি জি (ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি)-তে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর কারণ বা এই বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানানো সম্ভব হবে না, কারণ তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই কিছু বলা সম্ভব হবে। আইআইটি-জি কর্তৃপক্ষের তরফেও জানানো হয়েছে, বিস্তারিত তথ্য এখনও মেলেনি।
প্রাথমিক সূত্রের খবর, ওই ছাত্রের বয়স ছিল ২১ বছর। তিনি উত্তরপ্রদেশ থেকে আইআইটি-জি-তে পড়তে এসেছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে। বিটেকের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।
এই প্রথম নয়, এই নিয়ে আইআইটিজি থেকে চারটি দেহ পাওয়া গেল কেবল এ বছরেই। এর আগে ৯ অগস্টও হস্টেলের ঘর থেকে ইঞ্জিনিয়ারিং স্নাতকোত্তরের এক ছাত্রীর দেহ পাওয়া গিয়েছিল।
তার আগে এপ্রিল মাসে ২০ বছর বয়সি এক ছাত্রের দেহ মিলেছিল। তার পরিবারের লোকজন অভিযোগ জানিয়েছিলেন, যে ছেলের উপর ব়্যাগিং করা হত, এরপরেই তাকে খুন করা হয়েছিল। এই নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের দাবিও করেছেন তাঁরা। অভিযোগ করেছেন, কর্তৃপক্ষ এটাকে আত্মহত্যা বলে চালাতে চাইছে।
তার আগে জানুয়ারি মাসেই এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু হয়েছিল আইআইটিজি-তে। নিউইয়ারের অনুষ্ঠানের পরেই তাঁর মৃত্যু হয়।
সোমবারের ঘটনার পরে দিনভর বিক্ষোভ দেখিয়েছেন ছাত্রেরা। কর্তৃপক্ষের কাছে বিচার দাবি করেছেন।
কর্তৃপক্ষে জানিয়েছে, গোটা ঘটনায় তারা শোকাহত। ছাত্রের পরিবারকে সমবেদনা জানানো হয়। এক মুখপাত্র বলেন, 'আমাদের সমস্ত রকম কাউন্সেলিংয়ের ব্যবস্থা রয়েছে। ক্লাসের পর কাউন্সেলিং-এর ব্যবস্থা রয়েছে। হস্টেল রুমের দরজাতেও সেই সংক্রান্ত কিউ আর কোড রয়েছে। পড়ুয়াদের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে একাধিক কমিটিও রয়েছে। প্রতিষ্ঠানে একটি নিরাপদ এবং ছাত্রবান্ধব পরিবেশ গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।'