
সিদ্ধার্থ যাদবের (ইনসেটে) কফিনের পাশে বাগদত্তা সানিয়া।
শেষ আপডেট: 5 April 2025 17:34
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় বায়ুসেনার ফ্লাইট লেফটেন্যান্ট সিদ্ধার্থ যাদবের নিথর দেহের সামনে কান্নায় ভেঙে পড়ল গোটা গ্রাম। বাবা-মা, পরিবার-পরিজনদের মধ্যে আরও একজন ছিলেন। তিনি হলেন সি দ্ধার্থের বাগদত্তা প্রেমিকা। ফুটফুটে এক তরুণী। যাঁর চোখে ছিল আর কয়েক মাসের মধ্যে নিজের প্রেমের মানুষটির সঙ্গে ঘর বাঁধা, সংসার করার স্বপ্ন। আচমকা ঝড়ে পাখির ঘরের মতো হঠাৎই সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাওয়ায় তিনিও যেন নিশ্চিন্ত গাছের ডাল থেকে হুমড়ি খেয়ে পড়লেন কঠিন মাটিতে। তাঁর কাতর কান্না মেশানো সেই আকুতি দেখে চোখের জল ধরে রাখতে পারেনি সোশ্যাল মিডিয়াও।
সানিয়া, জাগুয়ার জেট বিমান ভেঙে মৃত সিদ্ধার্থের প্রেমিকা তথা বাগদত্তা শুক্রবার গ্রামে নিয়ে আসা কফিনের পাশে কান্নায় ভেঙে পড়েন। সজল চোখে বারবার বলতে থাকেন, ওর মুখটা আর একবার দেখতে দিন। আর একবার আমি দেখতে চাই ওকে। শেষবারের মতো আর একবার ওকে দেখতে দাও আমাকে। নিষ্পন্দ শরীরের পাশে মুখ নামিয়ে বলেন, বেবি তু আয়া কিঁউ নেহি। তু মেরেকে লেনে আয়া নেহি..। বোলা থা আয়েগা। সানিয়ার কান্না নেট দুনিয়ার সকলের হৃদয়কে ছিন্নভিন্ন করে দিয়েছে।
Life is full of surprises ???? you never know what's coming???? #RIP_????????#Flight_Lieutenant_Siddharth_Yadav ???????? pic.twitter.com/knlRSfGs6f
— sewon ???? (@pr0_ride) April 4, 2025
সানিয়া ও সিদ্ধার্থের পাকা দেখা হয়েছিল গত ২৩ মার্চ। ছুটি কাটিয়ে তিনি ৩১ মার্চ কর্মক্ষেত্রে যোগদান করেন। আর গত ৩ এপ্রিল গুজরাতের জামনগরে জাগুয়ার জেট বিমান ভেঙে তাঁর মৃত্যু হয়। শুক্রবার তাঁর কফিনবন্দি দেহ গ্রামের বাড়ি হরিয়ানার ভালখি মাজরায় নিয়ে আসা হয়। সিদ্ধার্থ-সানিয়ার বিয়ের ঠিক হয়েছিল ২ নভেম্বর। তার আগেই ঘটে গেল এক ট্রাজিক পরিণতি। গ্রামবাসীর ভিড়ের মধ্যেই এক বায়ুসেনা কর্মী প্রতীকী স্ত্রী হিসেবে সিদ্ধার্থের সেনা-টুপি পরিয়ে দেন সানিয়ার মাথায়। তাঁর হাতে দেওয়া হয় সিদ্ধার্থের সেনা পোশাক পরা ছবিও। গালে গড়িয়ে পড়া চোখের জলের রেখা নিয়ে তখন সানিয়া স্থবিরের মতো দাঁড়িয়ে ছিলেন।