
প্রতীকী ছবি।
শেষ আপডেট: 29 August 2024 12:08
দ্য ওয়াল ব্যুরো: এসবিআই-তে বিপুল অঙ্কের আর্থিক প্রতারণা মামলায় ব্যাঙ্ক ম্যানেজার ও কয়েকজন কর্মীকে গ্রেফতার করল পুলিশ। হায়দরাবাদের ওই শাখায় ১৭৫ কোটি টাকার প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে।
জানা গিয়েছে, হায়দরাবাদের শামশেরগঞ্জ এলাকার এসবিআই ব্রাঞ্চে নতুন অ্যাকাউন্ট খুলে দেওয়া হতো টাকার বিনিময়ে। বেনিয়মে টাকা তুলতেও সাহায্য করা হত, আবার কালো টাকা সাদা করতে কীভাবে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হয়, তাও টাকার বদলে করে দিতেন অভিযুক্ত ব্যাঙ্ক ম্যানেজার ও কর্মীরা।
এই অভিযোগে ম্যানেজার মধু বাবু গালিকে গ্রেফতার করেছে পুলিশ। সাইবার সিকিউরিটি ব্যুরো জানিয়েছে, এক জিম ট্রেনারকেও গ্রেফতার করা হয়েছে, যিনি আর্থিক প্রতারণায় জড়িত।
শামসেরগঞ্জের স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার শাখার ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিরুদ্ধে লাগাতার অভিযোগ আসছিল সম্প্রতি। বিষয়টি সাইবার সিকিউরিটি ব্যুরোর ডেটা অ্যানালিসিস টিমের নজরে এলে, তদন্ত শুরু করেন আধিকারিকরা। দেখা যায়, চলতি বছরের মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে বিপুল পরিমাণ অর্থ ওই অ্যাকাউন্টগুলি থেকে লেনদেন হয়েছে।
তদন্ত যত এগোয় দেখা যায়, এই অ্যাকাউন্টগুলির মাধ্যমেই হাওয়ালার অর্থ লেনদেন হচ্ছিল। সাইবার অপরাধেও এই অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হত। প্রতারণা চক্রের মূল মাথা দুবাই থেকে কাজ চালাত। সাধারণ মানুষদের নানা প্রলোভন দেখিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলানো হতো এবং সেই সব অ্যাকাউন্ট ব্যবহার করে হাওয়ালার অর্থ লেনদেন চলত। এইভাবেই ১৭৫ কোটি টাকার দুর্নীতি ঘটেছে ওই শাখায়।