
প্রতীকী ছবি
শেষ আপডেট: 4 November 2024 19:25
দ্য ওয়াল ব্যুরো: মেম্বারশিপ করানোর পরও নির্দিষ্ট সুবিধা মেলেনি। উল্টে ডেলিভারি চার্জ দিতে হয়েছে ১০০ টাকার বেশি। এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। সেই মামলাতেই বড়সড় জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। তাই ফাঁপরে পড়েছে সুইগি।
হায়দরাবাদের বাসিন্দা বাবু সুইগির মেম্বারশিপ নিয়েছিলেন। নির্দিষ্ট দুরত্বের মধ্যে ফ্রি ডেলিভারি পাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু অভিযোগ, খাবার অর্ডার করার পর সুইগির তরফ থেকে ৯ কিলোমিটারের দুরত্ব বাড়িয়ে ১৪ কিলোমিটার করে দেওয়া হয়। তারপর ডেলিভারি চার্জ হিসেবে ১০৩ টাকা নেওয়া হয়। তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে এই অভিযোগ তুলেই আদালতে ছুটেছিলেন ব্যক্তি।
এই মামলার শুনানিতে বাবু নিজের ফোনে অর্ডার দেওয়ার স্ক্রিনশট সহ একাধিক তথ্য আদালতে জমা দেয়। বিচারপতি খতিয়ে দেখে বুঝতে পারেন সত্যিই গুগল ম্যাপে ডেলিভারির দুরত্ব বাড়িয়ে দেওয়া হয়েছিল। এই কারণেই সংস্থাকে জরিমানা করেছে আদালত।
বিচারপতি নির্দেশ দিয়ে জানিয়েছেন, ওই ব্যক্তি যে টাকার খাবার অর্ডার দিয়েছিলেন সেই ৩৫০.৪৮ টাকা সুইগিকে ফেরত দিতে হবে। এছাড়া এই ঘটনার জন্য গ্রাহকের মানসিক দুর্ভোগ হয়েছে বলে তাকে বাড়তি ৫ হাজার টাকাও দিতে বলেছে আদালত। পাশাপাশি ক্ষতিপূরণ বাবদ আরও ৫ হাজার টাকা দিত হবে। শুধু তাই নয়, রাজ্যের রঙ্গা-রেড্ডি জেলা কমিশনের কাস্টমার ওয়েলফেয়ার ফান্ডে জরিমানা বাবদ ২৫ হাজার টাকা জমা দিতে বলেছে আদালত। আগামী ৪৫ দিনের মধ্যে এই টাকা দিতে হবে সুইগিকে।