
শেষ আপডেট: 5 February 2024 17:12
দ্য ওয়াল ব্যুরো: রাম মন্দির উদ্বোধনের দিন ভাষণে অযোধ্যার রূপ বদলের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সোমবার বিধানসভা ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট পেশ করে উত্তর প্রদেশের অর্থমন্ত্রী সুরেশ খান্না জানিয়েছেন, অযোধ্যার উন্নয়নে আরও আড়াইশো কোটি টাকা বরাদ্দ করা হল আগামী অর্থ বছরের জন্য। বাজেটে বিপুল টাকা বরাদ্দ হয়েছে বারাণসীর জন্য। লোকসভা ভোটের মুখে রাজ্যের আরও কয়েকটি মন্দির শহরের জন্য মোটা অঙ্ক বরাদ্দ করেছে বিজেপি সরকার। অযোধ্যায় প্রতিদিন ২৫ হাজার পুণ্যার্থীর থাকার ব্যবস্থা করতে আলাদা অর্থ বরাদ্দ করেছে সরকার। রাজ্য পর্যটন নিগমের তৈরি লজে সাধারণ পরিবারের পুণ্যার্থী থেকে উচ্চবিত্ত, সকলের থাকার ব্যবস্থা থাকবে, জানিয়েছে পর্যটন দফতর।
অযোধ্যার বরাদ্দের মধ্যে সদ্য চালু হওয়া মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমান বন্দরের উন্নয়নও আছে। বিমান বন্দরের জন্য বাড়তি জমি অধিগ্রহণে দেড়শো কোটি টাকা রাজ্য সরকার ব্যয় করবে। এছাড়া অযোধ্যার সামগ্রিক উন্নয়নে আরও একশো কোটি বরাদ্দের ঘোষণা আছে বাজেটে। সরকারের তরফে জানানো হয়েছে, অযোধ্যা উন্নয়ন প্যাকেজের ৩৫ হাজার কোটি টাকার অতিরিক্ত এই বরাদ্দ।
তবে এবারের বাজেটে সবচেয়ে বেশি অর্থ বরাদ্দ হয়েছে প্রয়াগরাজ তথা এলাহাবাদের জন্য। উত্তর প্রদেশের ওই মন্দির শহরে তৈরি হচ্ছে গঙ্গা এক্সপ্রেসওয়ে। ওই রাস্তার জন্য আরও দু হাজার কোটি টাকা বরাদ্দ করেছে যোগী সরকার। এছাড়া আগামী বছর কুম্ভ মেলা আয়োজনের জন্য বরাদ্দ হয়েছে আড়াই হাজার কোটি টাকা। কুম্ভ মেলায় সব পুণ্যার্থীর রাত্রিবাসের পরিকাঠামো তৈরি করা হচ্ছে।
রাজ্যের আর এক ধর্মীয় শহর বারাণসীতে চালু করা হবে রোপওয়ে পরিষেবা। সেখানে কাশী বিশ্বনাথ মন্দির করিডোরের মধ্যে যাতায়াতের জন্য রোপওয়ে ব্যবহার করতে পারবেন পুণ্যার্থীরা। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী কেন্দ্র বারাণসীকে সৌর শক্তি চালিত মডেল শহর হিসাবে গড়ে তোলার কথা জানিয়েছে যোগী সরকার।